Dhaka Mail Logo

বিনোদন

‘জয় বাংলা’র সমালোচকরা স্বাধীনতা বিরোধী: কাজী হায়াৎ

বিনোদন প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২২, ০৫:১২ পিএম

প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের ছবিতে চেনা জীবনের চেহারা ভেসে ওঠে। সমাজের অবক্ষয়গুলো আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। তার চলচ্চিত্র যেন বাংলা সিনেমাপ্রেমীদের মনের কথা বলে। এ কারণের তার ছবির প্রতি দর্শকের আগ্রহ ও আকাঙ্ক্ষাটা বেশি।

কিন্তু ক্যারিয়ারের ৫১তম চলচ্চিত্র পরিচালনা করে সমালোচনার মুখে পড়েছেন কাজী হায়াৎ। ‘জয় বাংলা’ শিরোনামের এ ছবি নিয়ে দর্শকের আগ্রহের কমতি ছিল না। কিন্তু সামাজিক মাধ্যমে ছবিটির ট্রেলার প্রকাশ পেতেই এ আগ্রহ রূপ নিয়েছে হতাশা ও আক্ষেপে। নেটিজেনদের মতে খুবই নিম্নমানের নির্মাণ এটি। ছবির অভিনয়শিল্পীদের অভিনয় থেকে দৃশ্যায়ন—সবকিছুতেই অসঙ্গতি খুঁজে পেয়েছেন তারা।  

নেটাগরিকদের অনেকে তীব্র সমালোচনায় মেতেছেন। কেউ কেউ নির্মাণ থেকে অবসর নিতে বলেছেন কিংবদন্তি এ নির্মাতাকে। বিষয়টি নিয়ে কাজী হায়াত ঢাকা মেইলের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ‘জয় বাংলা’ সিনেমার সমালোচকরা মূলত স্বাধীনতার বিপক্ষের শক্তি। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ছবিটি নিয়ে বিরূপ মন্তব্য করছেন তারা।  

কাজী হায়াৎ বলেন, “ছবিটি নিয়ে যারা সমালচনা করছেন তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তাদের সমালোচনার মূল কারণ ছবিটির নাম ‘জয় বাংলা’ এবং বিষয়বস্তু মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে যে চক্রটি আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিল ‘জয় বাংলা’ শব্দটিতে মুক্তিযুদ্ধে তাদের গাত্রদাহ হয়। আজও তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেন না। তারাই আমার চলচ্চিত্রটি নিয়ে বিরূপ মন্তব্য করছেন। কারণ সিনেমাটি মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে। আফসোসের সঙ্গে বলতে হয়, এ দেশে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রেরও শো বন্ধ থেকেছে দর্শক ক্ষরায়।”

তিনি আরও বলেন, “অবাক করা বিষয় হচ্ছে স্বাধীনতার ৫১ বছরে এসেও আমাদের এখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি তৎপরতা লক্ষণীয়। পাশাপাশি দেশের রাজনীতিতেও দুই পক্ষ সক্রিয়। একটি স্বাধীনতার পক্ষের শক্তি অন্যটি বিপক্ষের শক্তি। এটি খুবই হতাশাজনক। বর্তমানে এই গোষ্ঠীর সংখ্যা ও কার্যক্রম দুটোই বেড়েছে। তারাই ‘জয় বাংলা’ সিনেমার সমালোচনা করছেন।”

অনুদানপ্রাপ্ত এ ছবিটির প্রেক্ষাগৃহে কতোটা কী করতে পারবে—জানতে চাইলে তিনি আশার কথা শোনাতে পারলেন না। জানালেন, মুক্তির পর তা বোঝা যাবে।

ছবিটি নিয়ে কিছু সীমাবদ্ধতার কথা জানালেন কাজী হায়াৎ। তিনি বলেন, ‘উপন্যাস অবলম্বনে বানিয়েছি ছবিটা। লিখে অনেক কিছু সহজেই প্রকাশ করা যায় কিন্তু দৃশ্যায়ন করাটা বেশ কঠিন। সত্তরের দশকে মধুর ক্যান্টিন, টিএসসির যেমন ছিল সেই মধুর ক্যান্টিন, টিএসসি আমি কোথায় পাব? সেসময়ের ক্যাম্পাস, টিএসসির চেহারা এখন আমূলে বদলে গেছে। পাশাপাশি ওই সময় মানুষ যে ধরণের ঘর-বাড়িতে বাস করতেন সেসবও তো এখন নেই। ছবিটি করতে আমি গাড়ি নিয়ে গোপালগঞ্জ ঘুরে একটি টিনের ঘর পাইনি। সব বিল্ডিং। বাকিসব রঙিন টিনের ঘর। এই সীমাবদ্ধতাগুলো নিয়ে ছবিটি বানাতে হয়েছে। এ ছাড়া বাজেটের স্বল্পতাও একটি কারণ।’

মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে এই ছবি। এতে অভিনয় করেছেন জাহারা মিতু ও বাপ্পী চৌধুরী, কাজী হায়াৎ প্রমুখ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি পাবে এটি।  

আরআর/আরএসও