সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ নিয়ে ফের উত্তাল সিনেমাপাড়া। এর প্রযোজক ও অভিনয়শিল্পীদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি থামছেই না। এরইমধ্যে আগুনে ঘি ঢেলেছেন ‘দিন– দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। অনন্ত জলিল এতদিন সিনেমাটিকে এক শ কোটি টাকা বাজেটের বলে দাবি করছিলেন। জমজম হাটে হাঁড়ি ভেঙে জানিয়েছেন নির্মাণে ব্যয় হয়েছে পৌনে পাঁচ কোটি টাকা। এ ছাড়া ‘হাওয়া’ বিতর্ক তো রয়েছেই। এসব নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।
অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’– এর প্রযোজক ও অভিনয়শিল্পীদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি চলছে। তাদের বাগযুদ্ধ থামছেই না। কী বলবেন এসব নিয়ে?
এটি অনভিপ্রেত। কোনো পরিচালকের কখনও প্রযোজকের দোষ দেওয়া উচিত না। একজন নির্মাতা তার সাধ্যমতো চেষ্টা করে একটি ছবি বানালেই তা সেন্সরে যায়। কিন্তু নির্মাতা যদি মনে করেন ছবিটি বানাতে গিয়ে প্রযোজকের সহযোগিতা পাচ্ছেন না, তাহলে আগেই তার সরে দাঁড়ানো উচিত। ছবি সেন্সরে যাওয়ার পর এমন অভিযোগ আনা অন্যায়। এই দায় পরিচালক এড়াতে পারেন না। আর অভিনয়শিল্পীর এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ, একজন অভিনয়শিল্পীর সব সিনেমাই যে ব্যবসাসফল হবে তা কিন্তু না। মাহি এটা উচিত করছেন না। তার ক্যারিয়ারের সব সিনেমাই কি হিট? সে কি সুপারস্টার? তার জন্য কি রাস্তায় ভক্তরা ভীড় জমায়? তার সিনেমা দেখতে কি সাতদিন আগে থেকে দর্শক টিকিট কিনতে লাইন ধরে? তা তো না, তাই না? তিনি অভিনয় করেছেন টাকা পেয়েছেন, ব্যাস। তার মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। প্রযোজক জেনিফারেরও এসব করা ঠিক হচ্ছে না। তিনি যে অভিযোগ আনছেন সেসব আগেই প্রযোজক সমিতিতে জানাতে পারতেন।

এতদিন অনন্ত জলিল বলে আসছিলেন ‘দিন– দ্য ডে’ ছবির বাজেট এক শ কোটি টাকা। সম্প্রতি পরিচালক জানিয়েছেন এর বাজেট পৌনে পাঁচ কোটি টাকা। বাজেট নিয়ে অনন্ত জলিলের এ রকম মিথ্যাচারে আপনার প্রতিক্রিয়া কী?
প্রযোজক সিনেমায় কত টাকা খরচ করলেন তা কি পরিচালকের জানার কথা? তিনি কি বলতে পারবেন বিমান ভাড়া কত টাকা খরচ হয়েছে? আবার একজন অতিরিক্ত নারী শিল্পীর পারিশ্রমিক সাত শ ডলার; প্রযোজক যদি খুশি হয়ে তাকে সাত হাজার ডলার দেন তাহলে পরিচালকের কিছু বলার আছে? অতএব অনন্ত জলিল যেটা বলছেন সেটা হতে পারে। তিনি হয়ত এক শ কোটি টাকা খরচ করেছেন।
সিনেমা-নাটকে খাঁচায় বন্দী পাখি দেখানোয় নিষেধাজ্ঞা আনা হচ্ছে। অথচ গল্পের প্রয়োজনেও তো এরকম দৃশ্য দেখাতে হয়। সেক্ষেত্রে আপনি কী বলবেন?
এটা তো প্রাকৃতিক ব্যাপার। আমাদের দেশের অনেকেই বাড়িতে খাঁচায় বন্দী পাখি পুষে থাকেন। তা ছাড়া কাটাবনে প্রতিদিন হাজার-হাজার, লক্ষ-লক্ষ পাখি বিক্রি হচ্ছে। টঙ্গিতে প্রতি রোববার পাখি বিক্রির হাট বসে। দেশের অনেক স্থানে এরকম পাখি বিক্রির হাঁট আছে। সেসব আইন করে বন্ধ করে দিক তাহলে।

এসব নাটক-সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার মামলা দেওয়া হচ্ছে। এত টাকার মামলা দেওয়ার কারণ কী বলে মনে করেন?
যে বিষয় নিয়ে মামলা হওয়া উচিত, সে বিষয় নিয়ে তো হচ্ছে না। ‘হাওয়া’ ছবিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে আগে সেন্সর বোর্ড এগুলো মেনে নিত না। আমার ‘ধর’ সিনেমাটিকে এসব ভাষা প্রয়োগের অভিযোগে নামিয়ে দেওয়া হয়েছিল। ব্যান করা হয়েছিল। এখন তারা কোথায়? এখন মুখ খুলছেন না কেন? অথচ সোহেল রানার ছবির নাম ‘খাইছি তোরে’ নামের কারণে সংসদে আলোচনা হয়েছে। বলা হয়েছে কীসব নাম সিনেমার। সংসদে এখন কথা ওঠে না কেন? যে প্রফেসর অবসরেও প্রমিত ভাষায় কথা বলেন তিনি এখন মুখ খুলছেন না কেন? দেশে কি বুদ্ধিজীবীরা নেই? তারা এখন কথা বলছেন না কেন?
কিছুদিন পরপরই চলচ্চিত্রাঙ্গনে কাদা-ছোড়াছুড়ি হচ্ছে। এটি সিনেমা শিল্পের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলবে বলে মনে করেন?
কাদা-ছোড়াছুড়ি চিরকালই ছিল। একটা বড় ইন্ডাস্ট্রিতে এটা হয়। এসব আগেও ছিল। অতীতে শাবানা-ববিতা, শাবানা-কবরীর ঝগড়া হতো। রাজ্জাক মদ খেয়ে সাংবাদিক পেটাতেন। এগুলো ছিল। এখন তো শুধু কাদা-ছোড়াছুড়ি হয়, আগে হাত-ছোড়াছুড়ি হতো, গুলি ফোটাফুটিও হতো। আমার ‘দায়ী কে’ সিনেমার শুটিংয়ে আজমল হুদা মিঠু ও ফারুক গিয়ে গুলি ছুড়লেন। অঞ্জু ঘোষকে ভয় দেখালেন। অঞ্জু চিৎকার করে কাঁদলেন। তিনি আর শুটিংই করলেন না। এগুলো নতুন না, এসব চলমান। এখন তো শুধু সোশ্যাল মিডিয়া ও পেপারেই সীমাবদ্ধ আছে এই ব্যাপারগুলো। হাত ছোড়াছুড়ির কথা (ওমর সানি-জায়েদের চড়কাণ্ড) তো অনেকদিন পরে শুনলাম। আগে এসব অহরহ ছিল।
আরআর/আরএসও




