বিনোদন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম
কয়েকদিন আগে এক হিরার নাকফুল নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে যা হলো তা কারও অজানা নয়। তাদের ঝগড়া তুঙ্গে তখন এতে যোগ দেন শাকিব। তিনি সংবাদমাধ্যমকে জানান, তিনি বুবলীকে ডায়মন্ডের কোনো নাকফুল দেননি।
স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন বুবলী। শাকিবের বিরুদ্ধে নিজের ইমেজ নষ্ট অভিযোগ আনেন। সেইসঙ্গে সংবাদ সম্মেলন করে সব কথা বলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। সেসময় সম্মেলন না করলেও আজ রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এসে নাকফুল নিয়ে কথা বললেন এ নায়িকা।
বুবলী বলেন, ‘অনেকেই আমার নিকট জানতে চেয়েছেন শাকিব আসলেই আমাকে নাকফুল দিয়েছে কি না। দেখুন, কোনো স্বামী তার স্ত্রীকে কিছু গিফট করলে সেটা যাই হোক; সেই বিষয়টা যদি প্রমাণ করতে তাহলে আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। উনি (শাকিব খান) যেটা ভালো মনে করেছেন সেটাই বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন পত্রিকায়। তারপরও যদি আমি এটা নিয়ে কিছু বলতে যাই তাহলে তাকে অসম্মান করা হয়। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী দাবি করেন, জন্মদিনে শাকিব তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। তার এই কথা কোট করে একাধিক নিউজও হয়। সেইসব নিউজের একটি লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করে বুবলীকে খোঁচা দিয়ে অপু লিখেছিলেন, ‘কী মজা, কী মজা!’ সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোজি।
এই স্ট্যাটাসের পরই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হয় অপু-বুবলীর মাঝে। এরপর মুখ খোলেন শাকিব। গণমাধ্যমকে জানান, তিনি বুবলীকে ডায়মন্ডের কোনো নাকফুল দেননি।
আরআর