images

বিনোদন

কলকাতায় যাচ্ছেন অক্ষয়, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর ২০২২, ০১:৩৪ পিএম

একের পর এক সিনেমা ফ্লপ। তবুও থেমে থাকার মানুষ নন অক্ষয় কুমার। ৫৫ বছর বয়সেও এক নাগাড়ে বিরামহীনভাবে কাজ করে চলেছেন মানুষটা। বছরে এখন তিন থেকে চারটি ছবি মুক্তি পাচ্ছে তার। কিন্তু ছবির সংখ‍্যা যত বাড়ছে, ব‍্যবসাও কমছে ব‍্যস্তানুপাতিক হারে। লাভের মুখ বহুদিন হল দেখেননি আক্কি। কিন্তু তাই বলে নতুন ছবি সাইন এবং শুটিং বন্ধ করেননি তিনি।

সামনে ‘ক‍্যাপসুল গিল’ ছবিতে দেখা যাবে অক্ষয়কে। এই ছবির জন‍্য কলকাতায় যাবেন শুটিং করতে। জানা যাচ্ছে, রানিগঞ্জের কয়লা খনি অঞ্চলে হবে ছবির শুটিং। ইতিমধ‍্যেই ছবিটির একটা বড় অংশের শুটিং ইংল‍্যান্ডে হয়ে গেছে। এরপর রানিগঞ্জে গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ে আসবে অক্ষয় এবং তার টিম।

চলতি মাসের শেষে বা ডিসেম্বরের শুরুতেই রাজ‍্যে পা রাখার কথা রয়েছে তাদের। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মুম্বাইয়ের বাঙালি অভিনেতা অভিজিৎ লাহিড়ীকে। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, এই ছবিতে তার চরিত্রটি ছোট। আসানসোলের স্টেশন মাস্টারের। তিনি অবশ‍্য জানান, ‘ক‍্যাপসুল গিল’র শুটিংয়ের তারিখ নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারবেন না।

এটা অবশ‍্য অক্ষয়ের সঙ্গে তার প্রথম ছবি নয়। এর আগে ‘ফ‍্যামিলি’ ও ‘বেলবটম’ ছবিতেও অভিনয় করেছিলেন অভিজিৎ লাহিড়ী। তিনি আরও জানান, সামনে ‘বান্দা’ নামে একটি ছবিতেও দেখা যাবে তাকে, যেখানে মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করবেন তিনি।

প্রসঙ্গত, ‘ক‍্যাপসুল গিল’ ছবিটিও একটি বায়োপিক। মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল, যিনি ৬৫ জনের প্রাণরক্ষা করেছিলেন। তার কাহিনি নিয়েই বানানো হয়েছে ছবিটি। প্রথম লুকে মাথায় পাগড়ি আর ঘন দাড়ি গোঁফ নিয়ে ধরা দিয়েছেন অক্ষয়। ছবিতে অক্ষয় ও অভিজিৎ ছাড়া রয়েছেন পরিণীতি চোপড়া, রাজেন্দ্রকুমার প‍্যাটেল, লঙ্কেশ ভরদ্বাজের মতো অভিনেতা অভিনেত্রীরা।

/আরএসও