Dhaka Mail Logo

বিনোদন

মারা গেলেন ‘দ্য বিচ বয়েজ’–এর প্রতিষ্ঠাতা মাইক লাভ

বিনোদন ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

বিশ্বখ্যাত মার্কিন ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’–এর প্রতিষ্ঠাতা সদস্য ও গীতিকার মাইক লাভ আর নেই। শনিবার (২৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মালিবুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। 

মাইক লাভের প্রতিনিধির পক্ষ থেকে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, মাইক লাভ আজ সন্ধ্যায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে মারা গেছেন। তিনি ছিলেন আমেরিকার সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য আইকন। তাঁর অসাধারণ প্রতিভা এবং অনুপ্রেরণা সংগীতের বহু প্রজন্মের মধ্যে বেঁচে থাকবে। আমেরিকান সংগীতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

মাইক লাভের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা ও সংগীতশিল্পী জন স্ট্যামোস। তিনি লেখেন, ‘আজ রাতে আমি কাঁদতে কাঁদতে ঘুমাতে যাব। শেষ কবে এমনটা করেছি, মনে করতে পারছি না। জীবনের অনেকটা সময় তাঁর সঙ্গে কাটিয়েছি। এখন বুঝতে পারছি, আনন্দ যত গভীর হয়, দুঃখও তত গভীর হয়। কাউকে এতটা ভালোবাসার সৌভাগ্য হয়েছে যে, তাঁকে হারিয়ে আজ সমান কষ্ট হচ্ছে।’ 

মাইক লাভের মৃত্যুর খবর প্রকাশের পর সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তদের পাশাপাশি সংগীত ও বিনোদনজগতের অনেকেই সামাজিক মাধ্যমে তার প্রতি শোক জানিয়েছেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। বিশেষ করে ‘সার্ফিন ইউএসএ’, ‘লিটল সেইন্ট নিক’, ‘আই গেট অ্যারাউন্ড’, ‘ক্যালিফোর্নিয়া গার্লস’ ও ‘কোকোমো’ অন্যতম জনপ্রিয় গান।

১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন মাইক লাভ। নিজের চাচাতো ভাই ব্রায়ান, ডেনিস ও কার্ল উইলসন এবং বন্ধু আল জার্ডিনকে নিয়ে গড়ে তোলেন ‘দ্য বিচ বয়েজ’। ষাটের দশকের শুরুতে ‘দ্য পেন্ডলটোনস’ নামে যাত্রা শুরু করে দলটি। পরে একজন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয় ‘দ্য বিচ বয়েজ’।

ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও কাজ করেছেন মাইক লাভ। তাঁর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘লুকিং ব্যাক উইথ লাভ’ ও ‘মাইক লাভ নট ওয়ার’। ২০১৬ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী ‘গুড ভাইব্রেশনস: মাই লাইফ অ্যাজ আ বিচ বয়’। বইটিতে নিজের সংগীতজীবন তুলে ধরেন তিনি।

ইএইচ/