বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
স্পষ্টবাদী হিসেবে বেশ পরিচিতি আছে বলিউডের ডাকসাইটে গীতিকবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের। শুরু করলে অন্যের ব্যাপারে যেমন খুল্লামখুল্লা, রাখঢাক রাখেন না নিজেকে নিয়েও। এই যেমন মুখ খুলেছেন নিজের মাদকাসক্তি নিয়ে। জানিয়েছেন, একসময় দিনে এক বোতল মদ্যপান করতেন। মদ খেয়ে জীবনের ১৫টি বছর নষ্ট করেছেন বলে মনে করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরখা দত্তের ইউটিউব চ্যানেল ‘মোজো স্টোরি’তে নিজেকে নিয়ে অকপটে বলেছেন জাভেদ। জানিয়েছেন ১৫ বছর মদ্যপান না করলে নিজেকে পেশাগতভাবে আরও উঁচুতে নিতে পারতেন।
তিনি বলেন, “আমার অনেক আক্ষেপ! প্রায় ১৫ বছর সময় নষ্ট করেছি আমার মদ্যপান এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে। সেই সময়টা অনেক বেশি গঠনমূলক কাজে ব্যয় করতে পারতাম। যেমন— গান শেখা বা নতুন ভাষা আয়ত্ত করা। কিছু মানুষের সঙ্গে আরও সংবেদনশীল আচরণ করতে পারতাম।”
ওই সময়ের স্মৃতিচারণ করে বলেন, “প্রতি রাতে প্রায় এক বোতল মদ পান করতাম। আমার প্রাপ্তবয়স্ক জীবনে আমি যত বড় বড় ভুল করেছি, তার সবই ছিল মদের প্রভাবে। মাঝে মাঝে ভাবি, আমি যদি মদ্যপান না করতাম, তবে হয়তো এত ভুল আমার হতো না। ১৯৯১ সালের ৩১ জুলাই শেষবারের মতো মদ্যপান করেছিলাম। সেই তারিখটা আজও আমার মনে রয়েছে।”
বয়স যখন ১৯ জাভেদ আখতারের মদ্যপানের গল্পের শুরুটা তখন থেকে। ছাত্রাবস্থায় বন্ধুদের হাত ধরে শুরু। একসময় অর্থের অভাবে মদ্যপান করতে না পারলেও পরে যা আয় করতেন সব মদের পেছনেই ফুরাতেন। যদিও আয়ু ফুরিয়ে যাওয়ার ভয়ে এক সময় লাগাম টানেন তিনি।
আরআর