Dhaka Mail Logo

বিনোদন

হঠাৎ অনিকের বাবার মৃত্যুতে চারদিকে অন্ধকার নেমে আসে: ববিতা 

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

পর্দায় একাধিকবার সংগ্রামী চরিত্রে দেখা গেছে কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে। পর্দার আড়ালেও একজন সংগ্রামী নারী তিনি। বিয়ের কয়েক বছর পর স্বামী হারানোর পর এক হাতে মানুষ করেছেন একমাত্র সন্তানকে। 

সংবাদমাধ্যমের কাছে সেসব সংগ্রামের দিনগুলো তুলে ধরেন ববিতা। তিনি জানান, ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর ব্যবসায়ী ইফতেখারুল আলমকে বিয়ে করেন অভিনেত্রী। ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি জন্ম হয় অনিকের। ছেলের বয়স যখন তিন বছর, তখনই স্বামীকে হারান ববিতা। ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ইফতেখারুল আলম।

এরপর আর ঘর বাঁধেননি। পেশাগত জীবন আর সন্তান অনিকের ভবিষ্যৎ গড়ায় দিয়েছেন সবটা সময়। তবে সহজ ছিল না দিনগুলো। ববিতার কথায়, ‘হঠাৎ অনিকের বাবার মৃত্যুতে চারদিকে ঘোর অন্ধকার নেমে আসে। কী করব, কীভাবে জীবন চলবে, যেন দিশাহারা আমি। তবে মনোবল হারানোর মানুষ তো আমি নই। মনটাকে শক্ত করি। আমার সন্তান আছে, তাঁকে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। তাঁকে গড়ে তুলতে হবে।’

দেশ থেকে এ লেভেল শেষ করে কানাডায় পাড়ি জমান ববিতাপুত্র অনিক। সেখানকার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে ডিগ্রি অর্জন করেন। পড়াশোনায় কৃতিত্বের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিনস অনার তালিকায় নাম উঠেছিল তার। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বর্তমানে দেশটির একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। 

আরআর