Dhaka Mail Logo

বিনোদন

চলে গেলেন ‘ডুরান ডুরান’ খ্যাত গিটারিস্ট অ্যান্ডি টেইলর

বিনোদন ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

আশির দশকে জনপ্রিয়তা ব্রিটিশ রক ব্যান্ড ‘ডুরান ডুরান’-এর সাবেক গিটারিস্ট অ্যান্ডি টেইলর আর নেই। সোমবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমেরিকা ভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী ট্রেসি। মৃত্যুকালে টেইলরের বয়স হয়েছিল ৬৫ বছর। 

ট্রেসি বলেন, ‘পৃথিবীর কাছে অ্যান্ডি ছিলেন একজন অসাধারণ গিটারিস্ট, কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন সেরা স্বামী, স্নেহময় বাবা এবং গর্বিত দাদা। তিনি ছিলেন আমাদের পরিবারের স্তম্ভ।’ 

টেইলরের মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছে ‘ডুরান ডুরান’। এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের গল্পের একদম শুরু থেকে অ্যান্ডি সঙ্গে ছিলেন। নর্থ ইস্ট থেকে একটি গিটার আর অটুট বিশ্বাস নিয়ে বার্মিংহামে আসার পর থেকে তিনি আমাদের সংগীতে এক অদম্য গতি ও স্বকীয়তা যোগ করেছিলেন। ব্যান্ডের গানগুলোকে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে তাঁর গিটারের ভূমিকা ছিল অনন্য।’

২০১৮ সালে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন অ্যান্ডি টেইলর। শারীরিক অসুস্থতার কারণে ২০২২ সালের নভেম্বরে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ ব্যান্ডটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

নর্থম্বারল্যান্ডে জন্ম টেইলরের। তিনি ১৯৮০ সালে ‘মেলোডি মেকার’ পত্রিকার একটি বিজ্ঞাপন দেখে ‘ডুরান ডুরান’-এ যুক্ত হন। সে সময় ১৯ বছর বয়সী টেইলর কভার ব্যান্ড নিয়ে ইউরোপের ব্রিটিশ সেনাঘাঁটিগুলোতে পারফর্ম করতেন। 

মৃত্যুকালে স্ত্রী ট্রেসি এবং চার সন্তান অ্যান্ড্রু, ইসাবেল, বেথানি ও জর্জিনাকে রেখে গেছেন অ্যান্ডি টেইলর। 

ইএইচ/