বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে গেল বেশ কিছুদিন ধরে চলছে জোর আলোচনা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছেন তিনি। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি। আজ বৃহস্পতিবার কলকাতায় তাঁর বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতার কসবার নিজের ফ্ল্যাটে আইনি বিয়ে সারবেন এই অভিনেত্রী। জানা গেছে, দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হবে আংটিবদলের অনুষ্ঠান। টালিউড থেকে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও সেখানে দেখা যেতে পারে। সম্ভাব্য অতিথিদের তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের নাম শোনা যাচ্ছে।

মিমির জীবনসঙ্গী হতে যাচ্ছেন সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদন জগতের কেউ নন। নৌসেনায় কর্মরত এই মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে মিমির সম্পর্ক বেশ পুরোনো। তবে শুরু থেকেই বিষয়টি লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন তাঁরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মিমির বিয়ের আমন্ত্রণপত্র। সেখানে পোষ্যদের সঙ্গে হবু বর-কনের ছবি জায়গা পেয়েছে। কার্ডটি প্রকাশ্যে আসার পর থেকে অভিনেত্রীর বিয়ে নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

কলকাতায় বাগদান ও রেজিস্ট্রি হলেও বিয়ের মূল আয়োজন রাখা হয়েছে পাহাড়ে। আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ১১ ডিসেম্বর কলকাতায় বসবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আসর। সেখানে টালিউডের তারকা, বন্ধু ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ পাবেন।
এদিকে বিয়ের কেনাকাটাও শুরু করেছেন মিমি। গত মঙ্গলবার কলকাতার একটি নামী গয়নার দোকানে কেনাকাটা করতে দেখা গেছে তাঁকে।এর আগে সব্যসাচী মুখোপাধ্যায়ের কলকাতার শোরুমেও বিয়ের শপিংয়ের ভিডিও সামনে আসে।
ইএইচ/