বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সিরিজটি ভারতে সম্প্রচার বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের দাবি, ভারতে সিরিজ সম্প্রচারিত হলে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের আগের নির্দেশিকার উদ্দেশ্য ব্যাহত হবে। তাই সিরিজটি যাতে ভারতের কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না পায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।

মোদিকে লেখা চিঠিতে এআইসিডব্লিউএ উল্লেখ করেছে, ২০২৫ সালের ৮ মে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধের বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল। পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে জারি করা ওই নির্দেশিকায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্টসহ বিভিন্ন ধরনের কনটেন্ট সম্প্রচার বন্ধ করতে বলা হয়েছিল।

সংগঠনটির দাবি, সরকারি নির্দেশিকা কার্যকর থাকলে ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’ ভারতে সম্প্রচারের সুযোগ দেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হলে তা সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হবে বলেও দাবি তাদের।

তবে শুধু ফাওয়াদ ও মাহিরার সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়ে খান্ত থাকেনি সংগঠনটি। ভারতীয় টেলিভিশন, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি শিল্পী এবং পাকিস্তানি প্রযোজনার কাজ স্থায়ীভাবে নিষিদ্ধ করতে কঠোর আইন প্রণয়নের আবেদন জানিয়েছে তারা। একই সঙ্গে ভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করার দাবি তুলেছে এআইসিডব্লিউএ।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’-এর কয়েকজন অভিনেতা ভারত-পাকিস্তান উত্তেজনার সময় ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছেন। 

এর আগেও পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে আপত্তি জানিয়েছিল এআইসিডব্লিউএ। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্রে কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছিল সংগঠনটি। 

উল্লেখ্য, ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’। তিন প্রজন্মের প্রেমের গল্প, সম্পর্কের টানাপোড়েন এবং জীবন সংগ্রাম নিয়ে এগিয়েছে গল্প। সিরিজে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সানাম সইদ, আহাদ রাজা মীর, হামজা আব্বাসি, ইকরা আজিজ ও মায়া আলীসহ পাকিস্তানের একাধিক জনপ্রিয় তারকা।

আগামী ৪ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে সিরিজটির মুক্তির কথা রয়েছে। তবে ভারতের বাজারে এটি সম্প্রচারিত হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর