Dhaka Mail Logo

বিনোদন

অনন্তের সঙ্গে ভিডিও ভাইরাল, ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ শাহরুখের

বিনোদন ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতের শিল্পপতি অনন্ত আম্বানি ও বলিউড বাদশাহ শাহরুখ খানের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এ বিতর্কের জেরে এক কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ। 

অভিযোগ উঠেছে, ভিডিওর ক্যাপশনে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে। এতে অভিনেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

গেল কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন সুভিগ্য শর্মা নামের এক কনটেন্ট ক্রিয়েটর। ভিডিওতে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে অনন্ত আম্বানির কথোপকথনের একটি অংশ রাখা হয়। এর সঙ্গে অনন্ত ও শাহরুখের আলাপের আলাদা একটি ভিডিও ক্লিপ জুড়ে দেওয়া হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, কথোপকথনের সময় শাহরুখকে চুপ থাকতে বলেন অনন্ত।

গত ২৩ নভেম্বর পাঠানো আইনি নোটিশে শাহরুখ খানের আইনজীবীরা এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর হিসেবে অভিহিত করেছেন। তাঁদের মতে, দুটি ভিন্ন দৃশ্য জুড়ে দিয়ে ক্যাপশনের মাধ্যমে আসল ঘটনাকে বিকৃত করা হয়েছে। যা অভিনেতার সুনাম ও ব্যক্তিগত মর্যাদার জন্য ক্ষতিকর। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর মানহানিবিষয়ক ৩৫৬ ধারার কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, এ ধরনের অসত্য প্রচার কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরকে ইনস্টাগ্রাম থেকে বিতর্কিত ভিডিওটি সরিয়ে নেওয়া, বিভ্রান্তিকর ক্যাপশন ও বক্তব্য মুছে ফেলা এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার অঙ্গীকার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

আইনি নোটিশের পর পাল্টা একটি ভিডিও প্রকাশ করেন সুভিগ্য শর্মা। সেখানে দাবি করেন, ভিডিওতে যা বলা হয়েছে তা মতপ্রকাশের স্বাধীনতার মধ্যেই পড়ে। সুভিগ্য বলেন, ‘যিনি কথিতভাবে শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন, তিনি কি তাঁকে অপমান করেননি? নাকি শাহরুখের সেই অপমানের কথা বলার সাহস নেই? অথচ বলা হচ্ছে, আমরা তাঁকে অপমান করেছি।’

ইএইচ/