Dhaka Mail Logo

বিনোদন

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালেতে দর্শক ভোটে পিছিয়ে পড়ায় সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি। ফলে এখানেই শেষ হলো তাঁর এবারের মিস ইউনিভার্স যাত্রা।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের জমকালো গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

নিয়ম অনুযায়ী, দর্শক ভোটে এগিয়ে থাকা একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০ যাওয়ার সুযোগ ছিল। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষস্থানে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ মুহূর্তে আর সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে সেমিফাইনালের জন্য সেরা ৩০ জনকে বাছাই করা হয়েছে।

এবারের আসরে সেরা ৩০-এ জায়গা পেয়েছেন— নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত), পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নিকারাগুয়ার প্রতিনিধিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, সেরা ৩০-এ নির্বাচিত প্রতিযোগীরা এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। পরবর্তীতে ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।

ইএইচ/