Dhaka Mail Logo

বিনোদন

নিজের বায়োপিকে অভিনয়ে রাজি ববিতা, নির্মাতাদের মানতে হবে দুই শর্ত

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

বিশ্বের বহু কিংবদন্তি শিল্পীর জীবনকাহিনি বড় পর্দায় উঠে এসেছে বায়োপিকের মাধ্যমে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার নাম। নিজের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন তিনি। এমনকি গল্প পছন্দ হলে নিজের বায়োপিকে অভিনয় করতেও আপত্তি নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তবে সে ক্ষেত্রে নির্মাতাদের সামনে দুটি শর্ত জুড়ে দিয়েছেন ববিতা।

বেশ কিছুদিন ধরে ছেলের কাছে কানাডায় অবস্থান করছেন ববিতা। সেখান থেকে নিজের বায়োপিক প্রসঙ্গে কথা বলেছেন তিনি। অভিনেত্রীর প্রথম শর্ত, বায়োপিকে তাঁর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে হবে। দ্বিতীয় শর্ত, কাজটি মানসম্মত করতে হলে নির্মাতাদের পর্যাপ্ত বাজেট ও অর্থ লগ্নি করতে হবে।

ববিতা বলেন, ‘দেশের বাইরে নানা সময়ে অনেক শিল্পীর বায়োপিক নির্মিত হয়েছে। তার মধ্যে বেশ কিছু আমি দেখেছি। সেখানে তাঁদের জীবনের গল্প ঠিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাকে নিয়ে কেউ বায়োপিক বানাতে চাইলে আমার জন্ম, পড়াশোনা, মা-বাবা, পরিবার, চলচ্চিত্রে পথচলার শুরু এবং ববিতা হয়ে ওঠার পেছনের সংগ্রাম—সবকিছু থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আমার পদচারণ, অভিনয়ের প্রাপ্তি এবং সিনেমাকে ঘিরে আমার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সর্বোপরি পুরো আমাকেই পর্দায় তুলে ধরতে হবে।’

গল্পটি মনের মতো হলে অভিনয়ের বিষয়েও ইতিবাচক ববিতা। তিনি বলেন, ‘কেউ যদি এভাবে সঠিকভাবে গল্পটি লেখেন এবং তা আমার ভালো লাগে, তবেই বায়োপিকে অভিনয় করা যেতে পারে।’

এর আগেও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন ববিতা। শুরু থেকেই নিজের পছন্দ ও গল্পের মানের বিষয়ে তিনি ছিলেন আপসহীন। বায়োপিকের ক্ষেত্রেও সেই অবস্থান থেকে সরে আসছেন না এই অভিনেত্রী। 

সিনেমায় তাঁর যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে, এরপর ধীরে ধীরে নায়িকা ও চরিত্রাভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরবর্তীতে ‘অশনি সংকেত’, ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘ডুমুরের ফুল’, ‘রামের সুমতি’সহ অসংখ্য কালজয়ী সিনেমায় কাজ করেছেন।

নায়িকা হিসেবে রোমান্টিক, সামাজিক, পারিবারিক ও ট্র্যাজেডি—সব ধরনের চরিত্রে ছিলেন সাবলীল। অভিনয় জীবনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন ববিতা। 

ইএইচ/