বিনোদন ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম
বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ভারতের টেলিভিশন অভিনেতা আয়ুষ শাহ ও তাঁর বোনের কাছ থেকে ৪ কোটি ৪৪ লাখ রুপির বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাইয়ের ওশিওয়ারা থানার পুলিশ। প্রতারণার অভিযোগে পুলিশের কাছে মামলার আবেদন করলে মামলাটি গ্রহণ করেননি। বাধ্য হয়ে আদালতে মামলাটি করে অভিনেতা আয়ুষ। পরে আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আয়ুষ শাহ ‘নব্যা’, ‘মহাভারত’, ‘উত্তরণ’ ও ‘সূর্যপুত্র কর্ণ’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগ সঙ্গে যুক্ত তিনি।
অভিযোগের নথি অনুযায়ী, প্রতারণার ঘটনাটি শুরু হয় ২০১৯ সালের অক্টোবর মাসে। ওই সময় অনলাইনে বিশ্বজিৎ ঘোষ নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় আয়ুষের। বিশ্বজিৎ নিজেকে মাইফ্লেজ প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে পরিচয় দেন। প্রতিষ্ঠানটি এয়ার হোস্টেস ও কেবিন ক্রু পেশায় আগ্রহীদের প্রশিক্ষণ দেয়। পাশাপাশি দেশজুড়ে প্রতিষ্ঠানটির ১২টি শাখা রয়েছে বলেও জানান।
অভিযোগে বলা হয়েছে, আয়ুষের আস্থা অর্জনের জন্য বিশ্বজিৎ প্রথমে ব্যাংক হিসাবের কিছু নথি ও সম্পত্তিসংক্রান্ত কাগজপত্র দেখান। প্রতিষ্ঠানের কার্যালয় ও বিভিন্ন পুরস্কার নিয়েও নানা তথ্য দেন তিনি। পরে লাভজনক বিনিয়োগের প্রস্তাব দিয়ে আয়ুষকে অর্থ বিনিয়োগে উৎসাহিত করেন।
বিশ্বজিতের প্রস্তাবে বিশ্বাস করে আয়ুষ ও তাঁর বোন ওই প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেন। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বিশ্বজিৎ ও তাঁর সহযোগীরা নিজেদের প্রতিষ্ঠানের মালিক নন, বরং অংশীদার বলে দাবি করেন। আয়ুষের অভিযোগ, বিনিয়োগের পর মাত্র একবার তাঁকে মুনাফার অর্থ দেওয়া হয়েছিল। এরপর পাওনা অর্থ ফেরত চাইলে নানা অজুহাত দেখাতে থাকেন অভিযুক্তরা।
অভিযোগে আরও বলা হয়েছে, বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার জন্য আয়ুষ ও তাঁর বোনকে মোট ৩২টি চেক দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর সবগুলো চেক প্রত্যাখ্যাত হয়। ২০২৪ সালে নিজের মূল বিনিয়োগ থেকে ১ কোটি ৩০ লাখ রুপি ফেরত চান আয়ুষ। বিশ্বজিৎ প্রথমে ওই অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে আবার আর্থিক সংকটের কথা জানিয়ে তাঁর কাছ থেকে নতুন করে অর্থ চান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিল মাসে পুলিশের কাছে অভিযোগ করেন আয়ুষ। তবে তখন মামলা নথিভুক্ত না হওয়ায় তিনি আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হন। গত ২ নভেম্বর আদালত পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। এরপরই পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করে ওশিওয়ারা থানার পুলিশ।
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মামলায় বিশ্বজিৎ ঘোষের পাশাপাশি তাঁর স্ত্রী পিয়ালি চ্যাটার্জি, শাবাব হুসেন, বিশ্বজিতের বোন বিজয়া সুব্রতকুমার দাস এবং বাবা বাদল ঘোষের নাম রয়েছে।
ইএইচ/