Dhaka Mail Logo

বিনোদন

করণের অফিসে প্রিন্স উইলিয়ামের সঙ্গে আড্ডায় সাইফ-কারিনা 

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং তরুণ নেতৃত্বকে উৎসাহিত করার লক্ষ নিয়ে তিন দিনের সরকারি সফরে ভারতে এসেছেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। সফরের অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) করণ জহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসের অফিসে যান ব্রিটিশ যুবরাজ। সেখানে তাঁকে স্বাগত জানান করণ, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ব্রিটেনের যুবরাজের সঙ্গে একান্ত আড্ডায় মেতে উঠেন বলিউড তারকারা।

kka

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করণের অফিসে প্রবেশের পরই যুবরাজকে দেওয়া হয় রাজকীয় অভ্যর্থনা। ‘কভি খুশি কভি গম’ ছবির জনপ্রিয় গান ‘সে শাভা শাভা’ ও ‘বোলে চুড়িয়া’র তালে নাচের পরিবেশনা উপভোগ করেন তিনি। জানা গেছে, ধর্মা প্রোডাকশনসের অফিসে প্রায় ৪৫ মিনিট সময় কাটান প্রিন্স উইলিয়াম। সেখানে ব্রিটেন ও ভারতের চলচ্চিত্রশিল্পের সহযোগিতা এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফ আলি। তিনি বলেন,‘প্রিন্স উইলিয়ামের সঙ্গে ভারতের সিনেমা, গান ও ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কথার প্রসঙ্গে আমার বাবার কথাও উঠে আসে। তিনি ইংল্যান্ড ও ভারতে ক্রিকেট খেলেছেন। বাবার ক্রিকেটজীবন নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।এ সময় আমার নবাব পরিচয়ের বিষয়টিও আলোচনায় এসেছিল। তবে আমি তাঁকে মনে করিয়ে দিয়েছি, ভারতে এখন আর রাজতন্ত্র নেই।’

image

ভারত ও ব্রিটেনের চলচ্চিত্রশিল্পের সহযোগিতা প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ‘দীর্ঘদিন ধরে ব্রিটেন বলিউডের অন্যতম পছন্দের শুটিং লোকেশন। আগামী দিনে দুই দেশ চলচ্চিত্র নির্মাতারা আরও কীভাবে একসঙ্গে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।’

প্রিন্স উইলিয়ামের পরিবেশ রক্ষার উদ্যোগের প্রশংসা করে সাইফ বলেন, ‘আর্থশট প্রাইজ সত্যিই একটি দুর্দান্ত উদ্যোগ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ রক্ষার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশবান্ধব চিন্তাভাবনা ও নতুন সমাধানকে উৎসাহিত করার প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই।’

উল্লেখ্য, ২০২০ সালে প্রিন্স উইলিয়ামের উদ্যোগে শুরু হয় ‘আর্থশট প্রাইজ’। পরিবেশগত সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করা এবং সেই কাজে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ায় তাদের একমাত্র লক্ষ্য। 

ইএইচ/