Dhaka Mail Logo

বিনোদন

অংশুর ‘লিম্বো’-এ রাজ, অভিনেতার জন্মদিনে এলো ঘোষণা

বিনোদন ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে গেল জুন মাসে সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক তানিম রহমান অংশু। ফেসবুকে পোস্টার প্রকাশ করে জানান তার নতুন চলচ্চিত্রের নাম ‘লিম্বো’। মুক্তি পাবে আগামী বছর। ছবির পোস্টারে ও নামে মহাকাশযানের গন্ধ ভরপুর। যা নজর কেড়েছিল দর্শকদের। তবে সিনেমায় কারা থাকছেন সে বিষয়ে নীরব ছিলেন নির্মাতা। 

এবার শরিফুল রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরিষ্কার করলেন তার নতুন সিনেমায় থাকছেন এই অভিনেতা। পোস্ট তিনি লিখেছেন, “মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে। এবার সার্ফিং হবে আকাশে, চল!”

এর আগে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ করে অংশু লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’

বলে রাখা ভালো, রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল গেল কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত  ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এতে অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে জুটি বেধেছিলেন অভিনেতা। এই জুটির প্রথম সিনেমা বেশ প্রশংসা পেয়েছিল। অংশুর সিনেমা ছাড়াও রাজের হাতে রয়েছে নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন এবং সুস্ময় সরকারের ‘কানাভুলা প্যারাডক্স’। এ সিনেমায় রাজের নায়িকা থাকছেন সাবিলা। 

ইএইচ/