প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে নেন তানিম রহমান অংশু। অর্ধযুগ পর দিলেন নতুন ছবির ঘোষণা। গতকাল সোমবার রাতে নিজের ফেসবুকে পোস্টার প্রকাশ করে জানালেন তার দ্বিতীয় সিনেমা ‘লিম্বো’ মুক্তি পাবে সামনে বছর।
ছবির পোস্টারে ও নামে মহাকাশযানের গন্ধ ভরপুর। ঢাকা মেইলকে অংশু জানান সেরকমই কিছু হতে চলেছে। সাই ফাইয়ের সঙ্গে থাকছে অতি প্রাকৃতিক গল্পের মিশেল। বলেন, ‘গল্পের স্বার্থে কিছু বলতে পারছি না। তবে ওইরকমই। এটা একটা কসমিক রোমান্টিক স্টোরি। গল্পের ভেতরে গভীর অনুভূতি কাজ করবে। এমন না যে সেগুলো মানুষের বোধগম্য হবে না। বোধগম্য হবে, সবাই বিনোদন পাবে। এভাবেই সিনেমাটার ডিজাইন করছি।’
বিজ্ঞাপন
সাই ফাই জনরার সিনেমা বাংলাদেশে কি আদৌ সম্ভব— এরকম শঙ্কা কাজ করে অনেকের মধ্যে। অংশু বললেন, ‘শঙ্কা কাজ করা খুব স্বাভাবিক। কেননা এর আগে এ ধরনের গল্প নিয়ে কাজ হয়নি। তবে আমি হোমওয়ার্ক করেই নামছি। তাছাড়া আমার যে অভিজ্ঞতা কিংবা আগে যে ধরনের কাজ করেছি এবং প্রযুক্তিগত ব্যাপারগুলো জানা— ওই জায়গা থেকে বলব বুঝেই কাজটা করছি। কাজ কঠিন হয় তখন যখন না বুঝে না জেনে কেউ কাজে নামে।’
সামনে বছর লিম্বোর ক্যামেরা ওপেন করবেন অংশু। বললেন, ‘এটা একটু অন্য ধরনের ছবি। প্রযুক্তিগত বিষয় ও লোকেশনের ব্যাপার আছে। শুটিং শুরু হতে হতে সামনে বছর। দেশের বাইরেও শুটিং করতে হবে। এমন না যে শুটিংয়ের বড় দেশের বাইরে হবে। যতটুকু গল্পের জন্য প্রয়োজন ততটুকুই দেশের বাইরে হবে।’
সামনে বছর মুক্তির কথা ভাবলেও দিনক্ষণ ঠিক করেননি পরিচালক। ভিড়তে চান না ঈদের মিছিলেও। বললেন, ‘ঈদ বা অন্য কোনো ফেস্টিভ্যাল ধরার চিন্তা ভাবনা নেই। আপাতত পরিকল্পনামাফিক ঠিকঠাক ছবিটা বানাতে চাই। এ ধরণের সিনেমা প্রথমবার বাংলাদেশ থেকে করার চেষ্টা চলছে। তাছাড়া ছবিটা সময় সাপেক্ষ। অনেক কাজ আছে। সেটা পোস্ট প্রোডাকশনে ও শুটিংয়ে। সেসব সেরে সামনে বছরের যে সময়টায় সম্পূর্ণ প্রস্তুত হব তখন মুক্তি দেব।’
তবে অভিনয়ে কারা থাকছেন সে বিষয়ে মুখ খুললেন না অংশ। শুধু জানালেন কাস্টিংয়ের বিষয়ে আগস্টে জানাবেন। নিশ্চয়তা দিলেন— বাইরের না, ‘লিম্বো’তে দেশের অভিনয়শিল্পীদের দেখা যাবে।
আরআর




