Dhaka Mail Logo

বিনোদন

সোনাক্ষীর বিকৃত ছবি, গ্রেফতার ব্যক্তিকে যে কারণে ছেড়ে দিল পুলিশ 

বিনোদন ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

অভিনেত্রীদের বিকৃত ছবি প্রকাশ করা যেন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গেও ঘটেছে বিষয়টি। তার আপত্তিকর ছবি বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে। এ অভিযোগে অভিযুক্ত একজনকে গ্রেফতার করলেও শেষ পর্যন্ত ছেড়ে দিতে হলো ভারতীয় পুলিশকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনাক্ষীর কিছু বিকৃত ও অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনায় ১৩ নভেম্বর, শুক্রবার মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। 

গতকাল শনিবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান দীপক জৈন নামে এক ব্যক্তিকে। দিল্লির শাহদরার জগৎপুরি থানা এলাকা থেকে সকাল ১০টা ১১ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে বান্দ্রা আদালতে তোলা হয়। 

তবে দিল্লিতে ম্যাজিস্ট্রেটের আদালতের বদলে বান্দ্রার আদালতে অভিযুক্তকে হাজির করাকে বেআইনি বলে আখ্যা দেন আদালত। কারণ জানতে চাইলে সঠিক ব্যখ্যা দিতে ব্যর্থ হয় তদন্তকারী সংস্থা। এ সময় অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানানো হয়। সেইসঙ্গে যে ডিভাইসের মাধ্যমে অভিনেত্রীর ছবি ছড়ানো হয়েছে সেটি খুঁজে পেতে তদন্তের আবেদন করে পুলিশ। 

কিন্তু বিচারক জানান, শুধু তদন্তের স্বার্থে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে রাখা যায় না। তারজন্য আইনে নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি। সেই কারণেই এই গ্রেফতারকে বেআইনি বলে ঘোষণা করে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।

আরআর