বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
অন্যরা ক্যামেরা মাইক্রোফোন সামনে পেয়ে হামলে পড়লেও শাকিব খান ব্যতিক্রম। পারতপক্ষে মুখ খোলেন না, পা ফেলেন মেপে মেপে। তাই ব্যক্তিগত নির্দিষ্ট বিষয় ছাড়া সমালোচনা ছুঁতে পারে না তাকে। এত সাবধানী হয়ে গা বাঁচাতে পারলেন না। সমালোচনা বেশ ভালোভাবেই আকড়ে ধরেছে তাকে। সেইসঙ্গে একটি রিয়েলিটি শোয়ে তার অংশগ্রহণ নিয়েও উঠেছে প্রশ্ন।
সম্প্রতি ঢালিউডের এ মেগাস্টার ‘নামসর্বস্ব’ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। তার মতো তারকাকে এ অনুষ্ঠানের মঞ্চে দেখে চলচ্চিত্রঅঙ্গনের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ঠিক কী কারণে শাকিবকে এরকম অনুষ্ঠানেও অংশ নিতে হচ্ছে— প্রশ্ন তুলেছেন অনেকে। বিষয়টি এখানে শেষ হলেও পারত। কিন্তু মাইক পেয়ে পাকিস্তান নিয়ে অতি উৎসাহী প্রশংসা করতে গিয়েই বিপাকে অভিনেতা।
ওই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় আগ্রহ দেখান শাকিব। তিনি জানান দেশটির এক নায়িকার সঙ্গে তার নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। এরপরই তোলেন পাকিস্তানের সিনেম হলের প্রসঙ্গ। অভিনেতা দাবি করেন, পাকিস্তানে বর্তমানে ১২০০টিরও বেশি সিনেমা হল চালু রয়েছে; এর বেশিরভাগই নাকি মাল্টিপ্লেক্স। আর পাকিস্তানের একেকটি সিনেমা নাকি ২০০ থেকে ৩০০ কোটি রুপি আয় করে।
তবে বাস্তবতা বলছে শাকিবের এই দাবির কোনো ভিত্তি নেই। কেননা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসা প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমানে পাকিস্তানের চলচ্চিত্র শিল্প রুগ্ন এবং সেখানে সিনেমা হলের সংখ্যা একশোর কম।
২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর এক প্রতিবেদনে নজর দেওয়া যাক। সেখানে বলা হয়েছিল, পাকিস্তানে আনুমানিক ৬০টি সিনেমা হল রয়েছে, তাতে স্ক্রিন বা পর্দার সংখ্যা ১৫০টির মতো। দেশটির সিনেমার হলের সংখ্যা উঠে এসেছে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এও। ২০২৫ সালের মার্চে ওই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনটি অনুসারে, গত বছর নাগাদ পাকিস্তানে সচল স্ক্রিন বা পর্দার সংখ্যা ১১৫টি। এদিকে একটি পর্দাকে একটি হল হিসেবে ভাবার অবকাশ নেই। কেননা মাল্টিপ্লেক্সে একাধিক পর্দা থাকে।
শাকিব শুধু হল সংখ্যা নিয়েই বিভ্রান্তিমূলক তথ্য দেননি। দেশটির সিনেমার আয় নিয়েও দিয়েছেন মনগড়া তথ্য। কেননা পাকিস্তানের একেকটি সিনেমা ২০০ থেকে ৩০০ কোটি রুপি আয় করে বলে শাকিব দাবি করলেও এ পর্যন্ত সেখানে কোটির ক্লাবে পৌঁছানো সিনেমার সংখ্যা মোটে দুটি। একটি ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’; ২০২২ সালের সিনেমাটি আয় করেছিল ৪০০ কোটি পাকিস্তানি রুপি, যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় ১৮০ কোটি টাকার মতো। এটি দেশটির ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা। ‘আগ লাগে বস্তি মে’ নামে আর একটি ছবি একশো কোটি আয় করেছে। এর বাইরে দেশটির আর কোন সিনেমা শতকোটির ঘর ছুঁতে পারেনি।
শাকিবের এই মনগড়া তথ্য নেটিজেনদের বড় অংশকে নাড়িয়েই তুলেছে বলা যায়। কেননা তার মতো এত বড় তারকার থেকে এরকম ভিত্তিহীন তথ্য শুনতে মোটেই প্রস্তুত ছিলেন না নেটাগরিকদের অনেকে। ভবিষ্যতে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে অভিনেতা আরও সতর্ক হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
আরআর