Dhaka Mail Logo

বিনোদন

কেরালা উৎসবে ‘বনলতা সেন’, লড়াই বিশ্বসেরা নির্মাতাদের সঙ্গে

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। খবরটি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের কেরালার তিরুবনন্তপুরমে এই উৎসব অনুষ্ঠিত হবে।

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সেরা ১৪টি চলচ্চিত্র নিয়ে গঠিত কেরালা উৎসবের এই মূল প্রতিযোগিতা বিভাগটি দক্ষিণ এশিয়ার অন্যতম কঠিন ও মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিত। এ বছর ১০টি দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্র উৎসবের প্রধান সম্মাননা ‘সুবর্ণ চকোরম’ ও ‘রজত চকোরম’-সহ বিভিন্ন পুরস্কারের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নামবে, যেখানে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে ‘বনলতা সেন’।

702557698_122204431898589686_5016233092152628013_n_20260525_182522075_(1)

উৎসব কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য রয়েছে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার ও ২০ লাখ ভারতীয় রুপি (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার), যা শ্রেষ্ঠ চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালকের জন্য ‘রজত চকোরম’ পুরস্কার ও ৪ লাখ ভারতীয় রুপি (প্রায় ৪ হাজার ৮০০ মার্কিন ডলার), শ্রেষ্ঠ নবাগত পরিচালকের জন্য ‘রজত চকোরম’ পুরস্কার ও ৩ লাখ ভারতীয় রুপি (প্রায় ৩ হাজার ৬০০ মার্কিন ডলার) এবং উৎসব প্রতিনিধিদের ভোটে নির্বাচিত দর্শকপ্রিয় সেরা চলচ্চিত্রের পরিচালকের জন্য ‘রজত চকোরম’ পুরস্কার ও ২ লাখ ভারতীয় রুপি (প্রায় ২ হাজার ৪০০ মার্কিন ডলার) সম্মাননা প্রদান করা হবে।

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিশ্বের ডাকসাইটে যত নির্মাতা এবং বড় উৎসবের পুরস্কারজয়ী সিনেমাগুলোর সঙ্গে লড়তে হবে ‘বনলতা সেন’-কে। এই তালিকায় রয়েছে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’, ২০২৬ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোড়া পুরস্কারজয়ী ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের নির্মাতা লরেন্স ফাজার্দোর রাজনৈতিক ড্রামা ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানি চলচ্চিত্র ‘স্ল্যাম্বার’।

ujjwal_20260525_181749433_(1)

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং সহ-প্রযোজনা করেছে চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন। সিনেমাটিতে ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে দেখা গেছে খায়রুল বাসারকে। এ ছাড়াও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

আন্তর্জাতিক এই নির্বাচন প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, প্রচলিত কোনো জীবনীনির্ভর বা গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে তিনি ‘বনলতা সেন’-কে একটি একান্ত ব্যক্তিগত, কাব্যিক ও নিরীক্ষাধর্মী দৃশ্যকল্প হিসেবে নির্মাণ করেছেন। তিনি আরও বলেন, বার্লিন ও টরন্টোর মতো বিশ্বসেরা উৎসবে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তি নির্মাতার পাশে কেরালা উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের ১৪টি আসনের একটিতে জায়গা করে নেওয়া সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষারই স্বীকৃতি। আর শৈল্পিক ও সমাজলগ্ন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এমন আন্তর্জাতিক মঞ্চে লড়াই করা বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রের জন্য এক গৌরবময় মাইলফলক।

MV5BYWM3ZDljMmItMTgxYy00YWEyLWIzNzgtOTMwMGQ4NDI2YWI1XkEyXkFqcGc@._V1_

৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের চূড়ান্ত তালিকায় রয়েছে ১০ দেশের ১৪ চলচ্চিত্র। সেগুলো হলো, বাংলাদেশ থেকে বনলতা সেন, ভারতের পদযাত্রা, মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি, সেল্ভি ও দ্য সোল হুইস্পারার। ব্রাজিলের গুগুস ওয়ার্ল্ড, ফিলিপাইনের সাইলেন্সড নাইটস, মেক্সিকোর আই অ্যাম মারিও ও দ্য সাইলেন্ট ভার্জিন, চীনের এম্বার্স, ইরানের স্ল্যাম্বার ও পিপলস চাইল্ড, উজবেকিস্তান, কাজাখস্তানের উরোবোরোস এবং উরুগুয়ের সুইট ভায়োলেন্স। 

আরআর