শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

‘বেরসিক’ও মুগ্ধ ‘বনলতা সেন’-এ, দুটি ঘটনা জানালেন পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

‘বেরসিক’ও মুগ্ধ 'বনলতা সেন'-এ, দুটি ঘটনা জানালেন পরিচালক

জীবনানন্দের বনলতা সেনকে পর্দায় দেখতে প্রেক্ষাগৃহে আসছেন দর্শক। বেরসিক বুঁদ হচ্ছে ছবিটিতে। এরকমই দুটি ঘটনা সামাজিক মাধ্যমে জানিয়েছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।

আজ শুক্রবার নিজের ফেসবুকে পরিচালক লিখেছেন, “গত সপ্তাহে সীমান্ত সম্ভারে সফেদ চুলের এক প্রবীণ ‘বনলতা সেন’ দেখে এসে আমার হাত ধরে বললেন, ‘আমি একজন নিউরোসার্জন। আপনাকে ধন্যবাদ, এমন একটা ছবি বানানোর জন্য।’ তিন দিন আগে মহাখালীতে এসকেএস টাওয়ারে আরেক প্রবীণ জানালেন, তিনি একজন অবসরপ্রাপ্ত কর্নেল। সিনেমা দেখে তাঁর ভালো লাগার কথা জানানোর পাশাপাশি ‘বনলতা সেন’ বা জীবনানন্দ দাশ সম্পর্কে তাঁর দীর্ঘদিনের পাঠ ও অধ্যয়নের কথাও বললেন।”


বিজ্ঞাপন


বাস্তববাদী পেশার দুজন মানুষের এই সাহিত্যপ্রেমে মুগ্ধ পরিচালক লিখেছেন, ‘যাই হোক, প্রশংসা পেয়েছি বলেই ঘটনা দুটো উল্লেখ করলাম—ব্যাপারটা শুধু তা নয়। একজন সার্জন, একজন সেনা কর্মকর্তা—দুটোই আপাতদৃষ্টিতে খুব রসকষহীন পেশা। তারপরও তাঁদের এই সাহিত্য ও চলচ্চিত্র-অনুরাগ আমাকে উদ্বেলিত করেছে। মনে হয়েছে, লেখাপড়ার এই উদাহরণটা দেওয়াই যায়।’

নির্মাতার কথায়, ‘কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যদি কেবল সার্টিফিকেট আর চাকরির আকাঙ্ক্ষা নিয়েই পড়াশোনা করা হয়—তাহলে পরীক্ষায় পাস করার উপযোগী একটি মগজ ছাড়া আর কিছু গড়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। অথচ মানুষের মগজের প্রকৃত সক্ষমতা বৃদ্ধি পায় কল্পনাশক্তি ও অনুভূতিকে শাণিত করার মধ্য দিয়ে। সেই পরিচর্যার পথ খুলে দেয় শিল্প ও সাহিত্যের প্রতি অনুরাগ।’

সবশেষে উজ্জ্বল লিখেছেন, ‘জীবনকে বুঝতে, মানুষকে বুঝতে, এমনকি নিজের ভেতরের অন্ধকার ও আলোকিত অংশগুলোকেও চিনতে শিল্প-সাহিত্যের কোনো বিকল্প নেই।’


বিজ্ঞাপন


২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকার সরকারি অনুদান পায় ‘বনলতা সেন’। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে গত বছর নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। সময় বেশি লাগলেও যত্ন নিয়ে কাজ শেষ করেছেন। 

সরকারি অনুদানের এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। অভিনেত্রীর চরিত্রটি নিয়ে গণমাধ্যমকে উজ্জ্বল বলেছিলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রের জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। নাবিলাও দিয়েছেন। চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব।’

‘বনলতা সেন’ সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর