বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। ছবিটি বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
এ বিষয়ে তিনি জানান, ‘কিং’ বাংলাদেশে মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। প্রাথমিকভাবে ইতিবাচক পরিস্থিতি দেখলেও চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অনুমতির ওপর নির্ভর করছে।
এদিকে সাফটা চুক্তির আওতায় ‘কিং’ আমদানীর বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তি পেতে পারে। তবে এখনও আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় সিনেমাটির বাংলাদেশে মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়নি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন তার মেয়ে সুহানা খান। এছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা। বাবা-মেয়ের একসঙ্গে বড় পর্দায় উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনে তৈরি করেছে।
এর আগে বাংলাদেশে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা মুক্তি পেয়েছিল।
ইএইচ/