আজ ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন। অন্যান বছরের মতো এবার ভক্তদের সঙ্গে দেখা করেননি। তবে মান্নাতের সামনে জড়ো হওয়া ভক্তদের খালি হাতেও ফিরতে দেননি। অভিনেতার জীবনের বিশেষ দিনে তার আসন্ন নতুন সিনেমার ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ মুক্তি পেয়েছে।
গানটি মুক্তি পর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে এর ভিজ্যুয়াল, দৃশ্যধারণ এবং সুরের সঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’-এর মিল খুঁজে পেয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকের মতে গানের দৃশ্যগুলো ‘পাঠান’ সিনেমার অপ্রকাশিত ফুটেজ। তবে অরিজিৎ সিং ও এড শিরানের ইংরেজি র্যাপের সঙ্গে দীপিকা পাড়ুকোন-শাহরুখের রসায়ন ভক্তদের মন জয় করেছে।

গানটির মিউজিক ভিডিও শুরু হয় শাহরুখের একটি সংলাপ দিয়ে— ‘আমি কোনো খুনি নই, একজন প্রেমিক। আমার ভালোবাসা যার জন্য, সে-ই আমার লক্ষ্য; আমি কিসের প্রেমিক যদি ভালোবাসার মানুষের হৃদয়টাই জয় করতে না পারি!’ এরপরই পর্দায় আসে রোমান্স ও অ্যাকশনের পসরা। গানটি প্রকাশের পর থেকে টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিবাচক প্রতিক্রিয়ার জোয়ার বইয়ে দিয়েছেন ভক্তরা। অনেকে শাহরুখ ও অরিজিতকে রোমাঞ্চকর জুটিকে বলে অভিহিত করেছেন। এক ভক্ত লিখেছেন,‘অরিজিতের জাদুকরী কণ্ঠ আর শাহরুখ মানেই অন্যরকম অনুভূতি।’ আবার কেউ কেউ এড শিরানের র্যাপ ও সুরের প্রশংসা করেছেন। অনেকে আবার বিশ্বব্যাপী ১০০০ থেকে ১৫০০ কোটি টাকার বেশি আয়ের ভবিষ্যৎ বাণীও করে ফেলেছেন। গানে শেষে শাহরুখকে বলতে শোনা যায় ‘এবার আমার হৃদয়ে এক আগুন জ্বলছে। সারা বিশ্বে আগুন না নেভানো পর্যন্ত এটি থামবে না।’

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনার সুরে চড়িয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ ‘কিং’-এর গানের সঙ্গে পাঠান-এর গানের সুরের মিল খুঁজে পেয়েছেন। এক শ্রোতা লিখেছেন, ‘শাহরুখ-দীপিকার কেমিস্ট্রি দারুণ, কিন্তু কেন যেন গানটি শুনলে ‘পাঠান’ সিনেমার গানগুলোর কথা মনে পড়ে যায়।” এছাড়া একজন মিউজিক ভিডিওর সমুদ্রের ব্যাকগ্রাউন্ডের দৃশ্যগুলো নিয়েও সমালোচনা করেছেন। তার মতে, তাড়াহুড়ো করে কাজ শেষ করতে গিয়ে দৃশ্যগুলো মানসম্মত হয়নি। এমনকি এড শিরানের পপ ভোকালের সঙ্গে পর্দায় শাহরুখের লিপ-সিংক খাপছাড়া মনে হয়েছে।
শচীন-জিগরের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। পাশাপাশি এতে একটি ইংরেজি র্যাপ গেয়েছেন ব্রিটিশ তারকা এড শিরান। গানের কথা লিখেছেন কুমার এবং র্যাপের অংশটুকু লিখেছেন শিরান নিজেই। গানে শাহরুখ ও দীপিকার রোমান্সের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও দেখা গেছে। কোরিওগ্রাফি করেছেন পিযুষ ও শাজিয়া। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘পাঠান’-এর পর ‘কিং’ ছবির মাধ্যমে আরও একবার জুটি বাধলেন শাহরুখ-দীপিকা।

উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’-র পর বড় পর্দায় প্রত্যাবর্তনের অপেক্ষায় শাহরুখ। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিতব্য ক্রাইম-অ্যাকশন থ্রিলারে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন তাঁর মেয়ে সুহানা খান। খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে ছবিটির মুক্তির কথা রয়েছে।
ইএইচ/




