Dhaka Mail Logo

বিনোদন

কাছের মানুষ হারালেন রণবীর সিং

বিনোদন ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

দীপাবলির আনন্দের রেশ কাটতে না কাটতেই শোক নেমে এল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের পরিবারে। মারা গেছেন তাঁর দাদু ডঃ রাম হিঙ্গোরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। 

রণবীরের চাচার ছেলে সৌম্য হিঙ্গোরানি ঠাকরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। সৌম্য জানান, দিওয়ালির দিন লক্ষ্মী পূজার সময় তাঁদের দাদু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৌম্য লেখেন, ‘আমার দাদু ডঃ রাম দিওয়ালির দিন আমাদের ছেড়ে আমার দিদার কাছে ফিরে গেছেন। এর চেয়ে শুভ মুহূর্ত আর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, তাঁরা দু’জনে নিজেদের চেয়ারে বসে কড়া হুইস্কিতে চুমুক দিতে দিতে আমাদের একসঙ্গে দেখাটা উপভোগ করছেন।’

দাদুকে শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘৯৬ বছরের তরুণ। এক গৌরবময় জীবন, যা উদযাপনের যোগ্য, শোকের নয়। তিনি বিশ্বের সেরা দাদু। আমার জন্য এক স্কুপ আইসক্রিম রেখে দিও। আবার দেখা না হওয়া পর্যন্ত।’ এদিকে রণবীর সিং তাঁর দাদুর মৃত্যুতে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

উল্লেখ্য, রণবীর প্রায়শই তাঁর দাদুর বিভিন্ন ছবি ও মজার ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেন। ২০২০ সালে সানগ্লাস ও স্বর্ণের চেইন পরা দাদুর ছবি পোস্ট করে লিখেছিলেন ‘নানা-জি’। পরবর্তীতে ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রচারের সময় দাদুর সঙ্গে রণবীরের ‘ঝুমকা গিরা রে’ গানে নাচের ভিডিও নেটিজেনদের নজর কেঁড়েছিল। 

ইএইচ/