Dhaka Mail Logo

বিনোদন

তৃতীয় বিয়েও টিকল না, ভাঙছে পবন কল্যাণের ১৩ বছরের সংসার 

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সংসারজীবনে আবারও বিচ্ছেদের খবর। তৃতীয় সংসারও টিকল না তাঁর। রুশ বংশোদ্ভূত স্ত্রী আনা কোনিদেলার সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। সোমবার রাতে এক বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তাঁরা। তবে কী কারণে এই সিদ্ধান্ত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানা গেছে, পবন কল্যাণ ও আনা পারস্পরিক বোঝাপড়া মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় একসঙ্গে কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং সন্তানদের প্রতি দায়িত্বশীল থাকব। সন্তানদের ভালো থাকাই আমাদের দুজনের অগ্রাধিকার থাকবে।’

বিবৃতিতে কঠিন সময়ে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা।

এদিকে বিচ্ছেদের ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন আনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যে পারিবারিক আদালতে আবেদন করেছেন তাঁরা। 

এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন পবন। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। এরপর ২০০৯ সালে অভিনেত্রী ও মডেল রেণু দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাঁদের দুই সন্তান আকিরা নন্দন ও আধয়া রয়েছে।

২০১৩ সালে রুশ বংশোদ্ভূত আনা কোনিদেলাকে বিয়ে করেন পবন। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান—পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ।

অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ। ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। অভিনেতা বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ইএইচ/