Dhaka Mail Logo

বিনোদন

পেলেই শেষ করে দেব, আয়ুষ্মানকে হুমকি গ্যাংস্টারের

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

আততায়ীর আতংকে বলিউড। গেল কয়েক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় একের পর এক তারকা। তার হুমকি ধামকিতে তটস্ত বি-টাউন। এবার অভিনেতা আয়ুষ্মান খুরানাকে প্রাণনাশের হুমকি দিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সদস্য অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি। জানা গেছে, অভিনেতাকে ফোন করে কথা বলার জন্য চাপ দিয়েছিল গ্যাংয়ের সদস্যরা। এমনকি তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অডিওবার্তায় হুমকিদাতা দাবি করেছেন, আয়ুষ্মান চণ্ডীগড়ে কোথায় থাকেন, মুম্বাইয়ে তাঁর বাসা কোথায়, এমনকি তাঁর মোটরসাইকেলের নম্বরও তাঁদের জানা। শুধু তা-ই নয়, অভিনেতাকে নিরাপত্তা দেওয়া পুলিশ সদস্যরাও তাঁকে বেশিদিন রক্ষা করতে পারবেন না বলে হুমকি দিয়েছেন ওই ব্যক্তি।

অডিওবার্তায় অনিল পণ্ডিতকে বলতে শোনা যায়, ‘আমি অনিল পণ্ডিত বলছি। আমি লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ফোন ধরেননি। পরে ফোন কেটে দিয়েছেন। কোনো সমস্যা নেই। আমরা শুধু আমাদের কথাটা আপনাকে জানাতে চাই। আমাদের সঙ্গে কথা বলুন।’

এরপর আয়ুষ্মানকে সতর্ক করে তিনি বলেন, ‘কোনো বিষয় মিটিয়ে নেওয়ার থাকলে কথা বলে নিন। কিন্তু এ রকম ঔদ্ধত্য দেখালে টাইগার শ্রফের সঙ্গে যা হয়েছে, আপনার সঙ্গেও তেমন কিছু হতে পারে।’

ওই ব্যক্তি আরও বলেন, ‘আমরা শুধু একবার আপনার সঙ্গে কথা বলতে চাই। একবার কথা বলুন, তারপর আপনাকে আর বিরক্ত করব না। আপনি কথা বলতে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু কথা বলার জন্যই ফোন করেছিলাম।’

পুলিশের দ্বারস্থ হলেও কোনো লাভ হবে না— এমন হুঁশিয়ারিও দিয়েছেন হুমকিদাতা। অডিওবার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের বার্তা শোনার পরে দয়া করে ফোন করে কথা বলুন। তা না হলে আমরা বুঝব, আপনি অন্য পথে যেতে চান। পুলিশের সাহায্য নিতে চান। পুলিশের কাছে যেতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আর কত দিন আপনাকে বাঁচাতে পারবে?’

সবশেষে আয়ুষ্মান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে অনিল বলেন, ‘প্রতিদিন আমাদের থেকে বেঁচে থাকতে আপনার ভাগ্যের প্রয়োজন। আর আপনাকে ক্ষতি করার জন্য আমাদের শুধু এক দিনের ভাগ্যই যথেষ্ট। আপনাকে বা আপনার পরিবারের কাউকে হাতে পেলে তাঁকেই শেষ করে দেব। তাই আমাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়াই ভালো। আপনার ফোনের অপেক্ষায় থাকব।’

ইএইচ/