বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের ‘পতি পত্নী ২’ ছবির শুটিংয়ের মধ্যেই ছবির ক্রু সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই শুটিং সেটে সংঘর্ষের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, একদল লোক ‘পতি পত্নী ২’ ছবির ক্রুদের ওপর হামলা করছেন।
বলিউডের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হঠাৎ করেই সিনেমার শুটিংয়ের মাঝে ছবির পরিচালক এবং বেশ কয়েকজন কলাকুশলীদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর শুরু হয় হাতাহাতি। কেউ কলার ধরে চড়-থাপ্পড় মারতে শুরু করেন, আবার কেউ বা চুলের মুঠি ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন।
এখনও হামলার প্রকৃত কারণ জানা যায়নি। তবে ভাইরাল ভিডিওতে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, পুলিশের হস্তক্ষেপের আগে বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন।
বলে রাখা ভালো, ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘পতি পত্নী অউর ওহ’ ছবির সিক্যুয়েলের ‘পতি পত্নী ২’। ‘পতি পত্নী অউর ওহ’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেন অনন্যা পাণ্ডে এবং ভূমি পেড়নেকর। এবার সেই সিনেমার সিক্যুয়েলে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান। এছাড়াও ওয়ামিকা গাব্বিকে দেখা যাবে এ সিনেমায়।
ইএইচ/




