Dhaka Mail Logo

বিনোদন

অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা নিখোঁজ

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম

অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা নিখোঁজ। উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় আসার পথে নিখোঁজ হন তিনি। সব ধরনের চেষ্টা চালিয়েও বাবার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে সবার সহযোগিতা ও দোয়ার আকুতি জানিয়েছেন এই অভিনেত্রী।

বাবার সন্ধান চেয়ে মেঘলা লিখেন, ‘জরুরি ভিত্তিতে আমার বাবাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি। আমার বাবা আজ রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা হন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তিনি আমাকে ফোন করেন। এরপর থেকে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু তিনি এখনও বাসায় ফিরে আসেননি।’

বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমরা উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

মেঘলা জানিয়েছেন, ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর বাবার ছবি সংশ্লিষ্ট থানায়সহ বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। তারপরও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

চেহারায় ক্ষত, সেলাই আর দাগ— তবুও হাল ছাড়তে চান না মেঘলা মুক্তা

নিখোঁজ বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করার আকুল আবেদন জানিয়ে মেঘলা বলেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তাঁর সন্ধান পেয়ে থাকেন কিংবা তাঁর সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি। আল্লাহ যেন আমার বাবাকে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’

কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর বাবার সন্ধান পেয়ে থাকলে অবিলম্বে নিকটস্থ থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৮০৬৮৮৭৫৭০।

ইএইচ/