Dhaka Mail Logo

বিনোদন

বাড়িতে পুলিশ পাঠালেন কেন, মুখ্যমন্ত্রী বিজয়কে প্রশ্ন অভিনেতার

বিনোদন ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা ও বিগ বস তারকা বালাজি মুরুগাদোসের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের তল্লাশি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কার অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তা জানতে চেয়েছেন বালাজি। 

একই সঙ্গে তল্লাশির সময় কর্মকর্তাদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা। সামাজিক মাধ্যম দেওয়া এক পোস্টে বালাজি অভিযোগ করেন, একাধিকবার জানতে চাওয়া সত্ত্বেও কর্মকর্তারা তাঁকে অভিযোগকারীর পরিচয় ও অভিযোগের কারণ জানাননি।

পোস্টে বালাজি লেখেন, ‘আমি শুধু জানতে চাই, কে অভিযোগ করেছে। কে অভিযোগ করেছে এবং কী কারণে করেছে, তা জানতে চাই। আমি তাঁদের কয়েকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু তাঁরা কিছুই জানাননি। আমি রক্ত পরীক্ষার জন্যও প্রস্তুত। কিন্তু আপনাদের পুলিশ বিভাগের আচরণ লজ্জাজনক! ১৫ জন পুলিশ সদস্য আমার বাড়িতে এসেছিলেন; কিন্তু তাঁরা পেয়েছেন তিনটি বিড়াল ও একটি কুকুর! আমি জানতে চাই, কীসের ভিত্তিতে তাঁরা আমার বাড়িতে এসেছিলেন?’

বালাজির দাবি, বাড়িতে তল্লাশি চালানোর সময় কর্মকর্তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না। তাঁর ভাষ্য, লুকানোর মতো কিছু নেই বলে তিনি স্বেচ্ছায় কর্মকর্তাদের বাড়িতে প্রবেশ ও তল্লাশি চালানোর অনুমতি দিয়েছেন। তবে এভাবে বাড়িতে অভিযান চালানোর কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করা উচিত বলে মনে করেন তিনি।

তামিল বিনোদনজগতে অভিনেতা, মডেল ও বডিবিল্ডার হিসেবে পরিচিত বালাজি মুরুগাদোস প্রথম আলোচনায় আসেন রিয়েলিটি শো ‘বিগ বস তামিল’-এর চতুর্থ মৌসুমে অংশ নিয়ে। ওই আসরে প্রথম রানারআপ হন তিনি। পরে ২০২২ সালে ‘বিগ বস আলটিমেট’-এর প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অভিনয়ে আসার আগে মডেলিংয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেন বালাজি। ২০১৮ সালে তিনি ‘রুবরু মিস্টার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া’জেতেন। এরপর তামিল চলচ্চিত্র ‘টাইসন’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। ‘করোলিন কামাক্ষী’, ‘ভা ভারালাম ভা’ ও ‘ফায়ার’-এর মতো চলচ্চিত্র অভিনয় করেছেন।

ইএইচ/