Dhaka Mail Logo

বিনোদন

রাজনীতিতে নাম লেখাচ্ছেন অভিনেতা সূরিয়া?  

বিনোদন প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সূরিয়ার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে। বিশেষ করে তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতা বিজয়ের প্রবেশের পর সিনেমা অঙ্গনের তারকাদের রাজনীতিতে নামার আগ্রহ তৈরি হয়েছে। তবে আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেতা সূরিয়া।

রোববার (৮ নভেম্বর) দীপাবলি উপলক্ষে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সিন’-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনীতিতে আসার বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।  সূরিয়ার ভাষ্য, ‘আমি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছি না। তার মানে এই নয় যে আমি রাজনীতিকে অপছন্দ করি। আমি নীরবে রাজনীতি পর্যবেক্ষণ করছি।’

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তার দায়িত্ব সম্পর্কে যথাযথ ধারণা থাকা জরুরি বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে না জেনে আমি রাজনীতিতে প্রবেশ করব না। মানুষের জন্য সত্যিকার অর্থে কাজ করার আগ্রহ থাকলে যে কেউ রাজনীতিতে আসার কথা ভাবতে পারেন। তবে দায়িত্বগুলো সম্পর্কে বুঝতে হবে।’

অনুষ্ঠানে শিক্ষা, দুর্নীতি এবং সামাজিক পরিবর্তন নিয়েও কথা বলেন অভিনেতা। তিনি মনে করেন, শিক্ষার প্রসারের মাধ্যমে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব। সূরিয়া বলেন, ‘শিক্ষার মাধ্যমে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তাই রাজনৈতিক নেতাদের শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত।’

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃতীয় কোনো ব্যক্তি এসে দুর্নীতি নির্মূল করতে পারবেন না। প্রত্যেক ব্যক্তিকে নিজের ভেতর থেকে সেই লড়াই শুরু করতে হবে।’

অভিনেতার প্রতিষ্ঠিত আগারাম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করছে। সামাজিক উদ্যোগের সঙ্গে রাজনীতিতে প্রবেশের কোনো সম্পর্ক নেই। অভিনেতা বলেন, ‘আমরা যে কাজ করি, তাকে সেবা বলব না। এটি আমাদের দায়িত্ব।’

এদিকে দীপাবলিতে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘সিন’। জিতু মাধবন পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন সূরিয়া, নাজরিয়া নাজিম ও নাসলেন।

ইএইচ/