বিনোদন প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
বিয়ের খবর জানালেও বরের পরিচয় গোপন রেখেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। ছবি প্রকাশ করলেও ঢেকে রেখেছেন স্বামীর মুখ। এরপর থেকেই সামাজিক রীতিমতো ‘গোয়েন্দাগিরি’ শুরু নেটিজেনদের একাংশের। ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য উপাত্ত মিলিয়ে তাদের দাবি ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূরকে বিয়ে করেছেন পারশা।
গতকাল ৭ নভেম্বর নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন পারশা। সেখানে তার পরনে ছিল শাড়ি। স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখতে দেখা যায় তাকে। ক্যাপশনে পারশা লেখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

মূলত এই পোস্টের পর-ই শুরু হয় নেটাগরিকদের ‘গোয়েন্দাগিরি’। নেটিজেনরা দাবি করেন, আসাদ নূর গত ২১ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন। সেখানে তার পাশে একটি লাল শাড়ির আঁচল দেখা যায়। যার সঙ্গে ৭ নভেম্বর প্রকাশ করা ছবিতে পারশার পরনের শাড়ির আঁচলের রয়েছে মিল।
তাছাড়া স্থিরচিত্র দুটিতে পুরুষের পোশাকেও মিল খুঁজে পেয়েছেন বলে জানান নেটিজেনরা। তাদের দাবি, আসাদ নূরের ২১ অক্টোবরের ছবিতে তার পরনে যে পাঞ্জাবি ছিল, সেটির সঙ্গে পারশার স্বামীর পাঞ্জাবির মিল রয়েছে। এভাবে বেশকিছু তথ্য উপাত্ত মিলিয়ে নেটিজেনদের অনেকের দাবি আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা। এ ছাড়া আসাদ নূর ও পারশা দুজনই ইনস্টাগ্রামে একে অন্যকে অনুসরণ করেন, এই মুহূর্তে দুজনের অবস্থান কলকাতায়। সেসবকেও সূত্র হিসেবে ধরছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা।

বিষয়টি নিয়ে ঝেড়ে কাশেননি পারশা। বরং নেটিজেনদের ওপর-ই দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে জানালেন ঢাকা মেইলকে। বললেন, ‘খেটে খাক’। সেইসঙ্গে জানালেন বিষয়টি তিনি উপভোগ করছেন।
আরআর