বিনোদন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
গভীর রাতে হেনস্তার শিকার চলচ্চিত্র নির্মাতার ২২ বছরের মেয়ে। শুরুতে গাড়িতে আচমকা ধাক্কা। এরপরই ধাওয়া এবং পথ আটকে হুমকি। গেল ৫ নভেম্বর মুম্বাইয়ের রাস্তায় ঘটনাটি ঘটেছে বলিউড নির্মাতা কুণাল শিবদাসানীর কন্যা ও বোনের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এরইমধ্যে মুম্বাইয়ের সান্তাক্রুজ় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সেদিন গভীর রাতে পরিচালকের মেয়ে আলেয়া ও তার ফুপু প্রমিতা ভিজনকে একটি ল্যান্ড রোভার গাড়ি বয়ে নিয়ে যাচ্ছিল। গাড়িটি যখন সান্তাক্রুজ় পশ্চিমের ধন পাটোহার নগরের কাছে তখন রাত ১২টার মতো বাজে। ওই সময় একটি গুরুদ্বারের কাছে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারে। এতে আলেয়াকে বহন করা গাড়িটির ডানের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর পাশের একটি গলিতে গাড়িটি রেখে চম্পট দেয় চালক। আলেয়া পড়ে থাকা গাড়িটির ছবি তোলেন নিজের মুঠোফোনের সাহায্যে। এরপর পুনরায় গাড়ি চলতে শুরু করলেই পরিস্থিতির জটিলতা টের পান নির্মাতাকন্যা। তাদের গাড়ির পিছু নেয় একটি বাইক। এক হোটেলের সামনে তাদের গাড়ির পথ আটকায় ওই মোটোরবাইক। হাজির হয় ধাক্কা দেওয়া গাড়িটিও। বাইক চালক পরিচালকের মেয়ে-বোন এবং তাদের গাড়ি চালককে হুমকি দেয় বলে করা হয়েছে অভিযোগ।
ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে একাধিক ধারায় মামলা নেয় ভারতীয় পুলিশ। তদন্তে নেমেছে তারা। অভিযুক্তদের গাড়ির নাম্বারপত্র সংগ্রহ করা হয়েছে। ত্যাদের সনাক্ত ও পাকড়াওয়ের চলছে চেষ্টা।
আরআর