Dhaka Mail Logo

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় টিকটকার 

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

দীর্ঘ ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় টিকটকার মার্সেল জনসন। গত সোমবার বিকেলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী টেলর। মৃত্যুকালে মার্সেলের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও পাঁচ সন্তান। 

পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত ছিলেন মার্সেল। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন বাস্তবতা নিয়ে ভিডিও বানাতেন  তিনি। টিকটকে অ্যাকাউন্টে তার প্রায় ৯ লাখ অনুসারী রয়েছে। 

স্বামীর মৃত্যুর খবর প্রকাশ করে টেলর লিখেছেন, “২ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা ৪৫ মিনিটে আমি আমার জীবনের অর্ধাংশ হারিয়ে ফেললাম। সে দীর্ঘ সময় ধরে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। সে খুবই ক্লান্ত ও পরিশ্রান্ত ছিল। অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। গতকাল মার্সেল আমাকে আর ডেডরিককে উদ্দেশ্য করে বলেছিল ‘আমি যাওয়ার জন্য প্রস্তুত’।”

image

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে এই মুহূর্তে আমার কোনো ভাষা নেই। মনে হচ্ছে এটা কোনো বাস্তব জীবন হতে পারে না। এটা কীভাবে বাস্তব জীবন হতে পারে! আমি ভেবেছিলাম ঘুম থেকে জেগে দেখব সে আগের মতোই আমার পাশেই আছে। আমি আমার মন উজার করে দিয়ে তাকে ভালোবেসেছি। আমাদের জীবন আর কখনোই আগের মতো হবে না।’

২০২৫ সালের আগস্টে ক্যানসার ধরা পড়ার পর থেকে মার্সেল তার সংগ্রাম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। মৃত্যুর এক সপ্তাহ আগে করা একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘কয়েক ধাপের বেশি হাঁটতে পারি না। নিজের কাপড় নিজে পরতে পারি না। প্রায় ৫৭ কেজি ওজন কমে গেছে। আমি জীবনের কাছে পরাজিত। আমি আর যুদ্ধ চালিয়ে যেতে পারছি না। আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছে।’

এদিকে ক্যানসারের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে একপর্যায়ে সঞ্চয়ের অর্থ শেষ হয়ে যায়। চরম সংকটের মধ্যে দিয়ে তার চিকিৎসা চলেছে। চিকিৎসার ব্যয় বহনের জন্য একটি ফান্ডরাইজিং পেজ খোলা হয়েছিল। 

তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত অনুরাগী সমবেদনা জানান। জনপ্রিয় অভিনেত্রী ভায়োলা ডেভিস কমেন্টে লিখেছেন, ‘আমার ভালোবাসা আপনার সঙ্গে আছে।’ লেখক নটান্ডো রামবানি লিখেছেন, ‘আমি আশা করেছিলাম সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমি খুব দুঃখিত। তার আর হলো না। এ কঠিন সময়ে প্রভু আপনার পরিবারের সহায় হোন।’

ইএইচ/