Dhaka Mail Logo

বিনোদন

শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও মুম্বাইজুড়ে উৎসবমুখর আমেজ তৈরি হয়েছে। কিং খানের জীবনের বিশেষ দিনটি উদযাপন করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ। মুম্বাইয়ের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক ‘বান্দ্রা-ওরলি সি লিঙ্ক’ সেজে উঠেছে বিশেষ আলোকসজ্জায়। শহরে অন্ধকার নামতেই বর্ণিল রূপে সেজে উঠছে সড়কের চারপাশ। তার জন্মদিনকে কেন্দ্র করে রাজকীয় আয়োজন নজর কেড়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের।

image

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোয় ঝলমলে একটি ব্রিজের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভক্তরা এটি শেয়ার করে প্রিয় তারকাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়া জন্মদিনের একদিন আগেই মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখের বাসভবন ‘মন্নত’-এর সামনে জমায়েত হতে শুরু করেছেন হাজার হাজার অনুরাগী। প্রিয় তারকাকে এক নজর দেখার আশায় বাসভবনের সামনে অপেক্ষা করছেন দূর-দূরান্ত থেকে আসা অনুরাগীরা।

এদিকে জন্মদিনের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছেন অভিনেতার নতুন সিনেমা ‘কিং’-এর পরিচালক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছবির নির্মাতা সিদ্ধার্থ আনন্দ লেখেন, ‘ইটস টাইম ফর দ্য ওয়ার্ল্ড টু সেলিব্রেট’ (বিশ্বজুড়ে উদযাপনের সময় এসে গেছে)। তাঁর রহস্যময় পোস্টে অনেকেই ধারণা করতে শুরু করেন, শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর টিম নতুন কোনো চমক নিয়ে হাজির হবে। দর্শকদের ধারণাই সত্য বলে নিশ্চিত করেছে ছবির প্রযোজনা সংস্থা। ভারতীয় গণমাধ্যমকে সংস্থাটি জানিয়েছে, প্রিয় তারকার জীবনের বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে ২ নভেম্বর রাত ১২টায় শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর পক্ষ থেকে চমক দেওয়া হবে। যদিও তাঁরা নিশ্চিত করেনি যে টিজার, গান, পোস্টার নাকি ট্রেলার প্রকাশ্যে আসছে।

কবে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘কিং’— জানা গেল দিনক্ষণ

এ ছাড়া সিনেপাড়ায় জোর গুঞ্জন, শাহরুখের জন্মদিনে ব্রিটিশ গায়ক-গীতিকার এড শেরান এবং ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে একটি দ্বৈত গান মুক্তি পেতে পারে!

উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’-র পর বড় পর্দায় প্রত্যাবর্তনের অপেক্ষায় শাহরুখ। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিতব্য ক্রাইম-অ্যাকশন থ্রিলারে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন তাঁর মেয়ে সুহানা খান। খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে ছবিটির মুক্তির কথা রয়েছে।

ইএইচ/