বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময় মিছিল সভা সমাবেশের প্রথম সারিতে দেখা যেত টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ২০২৪ সালে উপনির্বাচনে বিজেপির সজল ঘোষকে পরাজিত করে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন তিনি। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর অন্য তারকাদের মতো নিজের ভোল পাল্টে ফেলেছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী জানিয়েছেন রাজনীতিতে নাম লেখানো তার ভুল সিদ্ধান্ত ছিল।
ছোট পর্দার জনপ্রিয় গেম শো-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হন সায়ন্তিকা। সঞ্চালক দেবের সঙ্গে কথোপকথনে উঠে আসে রাজনীতির অন্দরমহলের নানা কথা। দেব সরাসরি সায়ন্তিকাকে প্রশ্ন করেন, রাজনীতিতে আসার সিদ্ধান্তটি তাঁর কাছে সঠিক না ভুল মনে হয়? উত্তরে কোনো রাখঢাক না রেখে সায়ন্তিকা জানান, তাঁর মতে সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি বলেন, ‘রাজনীতিতে খুব বেশি আবেগপ্রবণ হলে সেখানে টিকে থাকা বা নিজের জায়গা করে নেওয়া যায় না।’

তবে সায়ন্তিকার এ কথায় সায় দেননি দেব। তিনি বলেন, রাজনীতিতে আবেগ না থাকলে সেটা করা উচিত নয়। জয়-পরাজয়, রাজনীতির মারপ্যাঁচের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টিভঙ্গিই আসল। এরপর দেব সায়ন্তিকাকে উদ্দেশ্য করে পালটা প্রশ্ন ছুঁড়ে দেন, নির্বাচনে জিতলেও কি তুমি একই কথা বলতে? দেবের এমন প্রতিক্রিয়ার জবাবে অভিনেত্রী বলেন, দেব ১০টা হয় না, একটাই হয়! তুমি পেরেছ, কিন্তু আমি পারিনি।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বরাহনগর আসনে বিজেপির সজল ঘোষের কাছে পরাজিত হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়কের চেয়ারে বসেছিলেন তিনি। সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজনীতি থেকে দূরত্ব বাড়িয়ে ফের অভিনয়ে মনোনিবেশ করতে চান এই নায়িকা।
ইএইচ/