বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
গত ২৪ অক্টোবর বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। জন্মদিনের পার্টির রেশ কাটতে না কাটতেই বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি নাচের ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।
পোস্ট করা ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ ভিডিওটিতে দেখা যায়, মনোমুগ্ধকর সুরের তালে এক যুবকের সঙ্গে নাচে মেতেছেন তিনি। উপস্থিত অতিথিরাও তাঁদের পরিবেশনা বেশ উপভোগ করেছেন। তাদের নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভিউ ছাড়ায় প্রায় চার লাখ। মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা।
তবে ভিডিওটি সামনে আসার পর থেকে নেটিজেনদের মনে প্রশ্ন— পরীমণির সঙ্গে নাচে অংশ নেওয়া যুবকটি আসলে কে?
জানা গেছে, ভিডিওতে পরীর নাচের সঙ্গী হিসেবে যাঁকে দেখা গেছে, তাঁর নাম গোলাম হোসেন কিবরিয়া। পেশায় তিনি একজন পরিচিত ড্যান্স কোরিওগ্রাফার। নাচের নিজস্ব একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পাশাপাশি তাঁর একটি ফ্যাশন হাউজও রয়েছে। পরীমণির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয়। এর আগেও বিভিন্ন ঘরোয়া ও সামাজিক আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা গেছে।
এদিকে জন্মদিনের জমকালো আয়োজনে শুধু নাচ নয়, নতুন সিনেমার খবর দিয়েছেন পরীমণি। পরিচালক তারেক রহমানের পরিচালনায় ‘ফারজানা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ের বড় একটি অংশের কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।
ইএইচ/