Dhaka Mail Logo

বিনোদন

নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের অভিযোগ প্রভাসের ছবির বিরুদ্ধে 

বিনোদন ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

দক্ষিণী তারকা প্রভাস অভিনীত পিরিয়ড ওয়ার-অ্যাকশন ড্রামা ‘ফৌজি’ নিয়ে বেশ আগ্রহ দর্শকের মধ্যে। গেল ২৩ অক্টোবর অভিনেতার জন্মদিনে সিনেমাটির টিজারও প্রকাশ করা হয়। ঝলকে দেখা গেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তবে বিষয়টি ভালোভাবে নেননি নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু। ঐতিহাসিক তথ্য বিকৃতি করে দেশের বীরসন্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছেন তিনি। সেন্সর বোর্ডকে অভিযুক্ত করে চিঠি দিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফৌজি’র ঝলকে নেতাজিকে  নাৎসি সর্বাধিনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখা গেছে। এটিই ক্ষোভের কারণে চন্দ্র বসুর। মন্ত্রীকে পাঠানো চিঠিতে সিনেমাটির টিজার সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে লিখেছেন, “নেতাজীকে এভাবে তুচ্ছ করার বিষয়টি আমরা অত্যন্ত আপত্তিকর বলেই মনে করছি। সেন্সর বোর্ড কীভাবে এমন আপত্তিকর বিষয়বস্তুকে ছাড়পত্র দিল, তা আমাদের বোধগম্য নয়।” 

ছবিটি মুক্তির অনুমতি দেওয়ায় সেন্সর কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন চন্দ্র বসু। নিজের এক্স হ্যান্ডেলে মন্ত্রীকে পাঠানো চিঠির একটি অনুলিপি প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগও করেছেন। 

সঙ্গে লিখেছেন, ‘আপনাদের কাছে এই গুরুতর বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। তদন্ত হোক। সেন্সর বোর্ডের ভারপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে তবেই তা দেশের প্রতি ন্যায্য বিচার করা হবে।’ সিনেমার টিজার নতুন করে প্রকাশের দাবি জানিয়ে লেখেন, ‘কলাকুশলীদের প্রতি আমার কোনও রাগ-বিদ্বেষ নেই, তবে ঐতিহাসিক তথ্যকে অগ্রাধিকার দিতেই হবে।’

আরআর