বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম
দিন কয়েক আগে ভারতের উত্তরাখণ্ডে গান পরিবেশনের সময় পাঞ্জাবি সংগীত শিল্পী দালের মেহেন্দিকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এবার একই আচরণ করা হলো দেশটির আরেক শিল্পী শিল্পা রাওয়ের সঙ্গে। মুম্বাইয়ে ‘বলিউড মিউজ়িক প্রজেক্ট’-এর দশম বর্ষপূর্তির অনুষ্ঠানে গান করার সময় হেনস্তা করা হয় তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে এ নিয়ে অভিযোগ এনেছেন গায়িকা। গতকাল ২৪ অক্টোবর তার সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি। সময় স্বল্পতার অজুহাত দিয়ে গানের মাঝখানে মাইক্রোফন কেড়ে নেওয়া হয় বলে দাবি তার। শিল্পা জানান তাকে দর্শকের কাছ থেকে বিদায় নেওয়ার সময় পর্যন্ত দেওয়া হয়নি। তারমধ্যেই আরেক শিল্পী মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করেন বলে অভিযোগ তার।

এ ঘটনায় হতাশ শিল্পা নিজের সোশ্যাল হ্যান্ডেললে লেখেন, “মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গেছে। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এটা ভীষণ কষ্টের।”
এরপর দর্শকের উদ্দেশে বার্তা দেন তিনি। আবারও মঞ্চে ফেরার প্রতিশ্রুতি দিয়ে লেখেন, “কিন্তু গান থেমে গেলেও তোমরা থামোনি। তোমরা যেভাবে বারবার আমার নাম ধরে ডাকছিলে, তোমাদের কথায় যে ভালবাসা ছিল… আজ রাতের আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল। কথা দিচ্ছি, আমি আবার ফিরব।”
_20261025_124607934.jpg)
শিল্পা রাওয়ের অভিযোগ সামনে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও নেটিজেনরা। একজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে এমন আচরণকে আয়োজকদের অপেশাদারিত্ব বলে মনে করছেন তারা। হ্যাশট্যাগ দিয়ে ‘জাস্টিস ফর শিল্পা রাও’ লিখছেন তারা।
এরইমধ্যে টনক নড়েছে আয়োজকদের। তারা সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন। সেইসঙ্গে দাবি করেছেন, সেদিন স্থানীয় কর্তৃপক্ষের জরুরি অবস্থা জারির কারণে শিল্পার অনুষ্ঠান অসমাপ্ত রেখেই শেষ করতে হয়।
আরআর