বিনোদন ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
প্রতি বছরের ন্যায় এ বছরও শুরু হয়েছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল আর শঙ্খধ্বনির সঙ্গে দুর্গোৎসব পালন করছেন সারাবিশ্বের সনাতনীরা। দুষ্টের দমন ও সৃষ্টির পালনের উদ্দেশ্যে দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূত হন। তাঁর এই আগমন উদযাপনে ব্যস্ততায় কাটে হিন্দু সম্প্রদায়ের দিন। উৎসবের আনন্দ ছুঁয়ে গেছে ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীকে।
শঙ্খধ্বনি আর ঢাকের তালে দেবী দুর্গার মর্ত্যে আগমন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্দিরা। সামাজিক মাধ্যমে এক পোস্টে শারদীয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তাঁর আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে।’

সবশেষে দেশবাসীর মঙ্গল কামনা করে অভিনেত্রী আরও লিখেছেন, ‘মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।’
মন্দিরাকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় ‘নীলচক্র’ সিনেমায়। মিঠু খান পরিচালিত রোমান্টিক থ্রিলার চলচ্চিত্রে আরিফিন শুভর বিপরীতে রাইমা চরিত্রে অভিনয় করেন তিনি।
ইএইচ/