Dhaka Mail Logo

বিনোদন

অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলা, গুলিবিদ্ধ গাড়ি চালক

বিনোদন ডেস্ক

১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।  এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর চালকসহ দুইজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) মোহিত গার্গ জানান, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে জুহু এলাকা ত্যাগ করার সময়  টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় অভিনেতার চালক ফিরদাউসের বাম হাতে গুলি লাগে। চৌহান নামের এক পথচারী আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চৌহানের কীভাবে আহত হয়েছেন সে বিষয়ে পরিস্কার করে কিছু বলেনি পুলিশ। 

সামাজিক মাধ্যমে বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছেন। যদিও ডিসিপি মোহিত গার্গ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মুখ্যমন্ত্রী ও রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতীর সঙ্গে কথা বলে দ্রুত ঘটনার তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

image

উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ‘দ্য হিন্দু’-কে বলেন, ‘মুম্বাইয়ের নাগরিকদের সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার। আমাদের চলচ্চিত্র শিল্পকে হুমকি দেওয়ার চেষ্টা করছে এমন কাউকে আমরা ছাড় দেব না। তাদের ভাষাতেই জবাব দেওয়ার সময় এসেছে। নব্বইয়ের দশকে মুম্বাই গ্যাং ওয়ারের যুগ দেখেছিল, যা মুম্বাই পুলিশ থামিয়ে দিয়েছিল। আমরা এমন গ্যাংগুলো মাথা চাড়া দিতে দেব না। আজকের এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

রোববার রাতে মুম্বাই পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। 

এ ঘটনার পর চলচ্চিত্র জগতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত ‘দ্য হিন্দু’-কে বলেন, ‘এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। গত কয়েক মাসের মধ্যে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। মাত্র কয়েক মাস আগেই রোহিত শেঠির বাংলোতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, যা আজকের ঘটনাস্থল থেকে মাত্র দুই গলি দূরে। আজকের ঘটনাটি ঘটেছে একটি স্কুল সংলগ্ন খেলার মাঠে, যেখানে শিশু, বয়স্ক ও সেলিব্রিটিদের নিয়মিত যাতায়াত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সবাই শ্রফ পরিবারের পাশে আছি। তাঁর চালকের দ্রুত সুস্থতা কামনা করছি। বর্তমানে ইন্ডাস্ট্রির ভেতর এক ধরনের ভয় ও নিরাপত্তাহীনতা কাজ করছে। আগামীকাল রাস্তায় যেকোনো মানুষের ওপর গুলি চলতে পারে। আমরা মুখ্যমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি, নতুবা পুরোনো দিনগুলো আবার ফিরে আসবে। তখন আমাদের ইন্ডাস্ট্রিকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হতো।’

ইএইচ/