বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম
প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’। গতকাল শুক্রবার রাত নয়টায় গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটির মিউজিক ভিডিও।
‘যদি কখনো’ শিরোনামের গানটির কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ যৌথভাবে। সুর-সংগীত গায়ক নিজেই করেছেন। গতকাল নিজের ফেসবুকে গানটি প্রকাশের ঘোষণা দিয়ে বাপ্পা মজুমদার লিখেছিলেন, ‘নতুন গান আসছে, আজ রাত ৯টায়!’
নিয়মিত মৌলিক গান প্রকাশ ও শোয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাপ্পা মজুমদার। গেল নয় অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুনলাইট মেলোডিজ’ নামে নিজের একক কনসার্টে সুরের মূর্ছনা ছড়ান বাপ্পা মজুমদার।
এর আগে গেল আগস্টে প্রকাশ পায় তার মৌলিক গান ‘গলে যাওয়া সময়’। সুর-সংগীতের পাশাপাশি গানটির কথাও তার ছিল। সে সময় ঢাকা মেইলকে বলেছিলেন, ‘‘সম্প্রতি আমি বেশ কয়েকটি গান লিখলাম। ‘সময়’ নিয়ে একটি গান লিখেছি। নাম দিয়েছি ‘গলে যাওয়া সময়’। অনেকের লেখা গান-ই তো করি। তবে নিজস্ব কিছু ভাবনা থাকে যেগুলোকে নিজের মতো করে প্রকাশের তাগিদে লিখতে হয়।’’
তার আগে ‘বুড়ো নাবিকের গল্প’ নামে আরও একটি গান প্রকাশ পায় গায়কের। সেটিও তার কথা-সুর-কণ্ঠে। গানটি পিতৃত্বকে উপজীব্য করে তৈরি ছিল। পিতার ত্যাগ এবং উত্তরাধিকার সূত্রে সন্তানের প্রাপ্তির বিষয় নিয়ে ভাবনার জায়গা থেকে করা বলে জানিয়েছিলেন বাপ্পা মজুমদার।
আরআর