Dhaka Mail Logo

বিনোদন

‘ধুরন্ধর’ নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রাম চরণ!

বিনোদন ডেস্ক

১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

‘ধুরন্ধর’ ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই দক্ষিণী সিনেমায় নাম লেখাচ্ছেন অভিনেত্রী সারা অর্জুন। চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন, মেগাস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

পরিচালক সুকুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘RC17’-এ প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে সারার সঙ্গে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ প্রায় ৮ বছর পর জুটি হয়ে ফিরছেন সুকুমার ও রাম। ২০১৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘রঙ্গস্থলম’-এর পর জনপ্রিয় এই জুটির পুনর্মিলন নিয়ে অনুরাগীদের মধ্যে ইতিমধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

রাম চরণকে সর্বশেষ ‘পেদ্দি’ সিনেমায় দেখা গেছে। ছবিটি গেল ৪ জুন মুক্তি পায়। বুচি বাবু সানা পরিচালিত অ্যাকশন ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।

প্রায় ৩০০ কোটি রূপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ঘরে তুলেছে ৩৪১ কোটি রুপি। ভারতে মোট নেট আয় প্রায় ২৪৪ কোটি রুপি। আর মোট গ্রস আয় প্রায় ২৮৮ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ৫৩ কোটি রুপি।

অন্যদিকে, গেল মার্চে প্রেক্ষাগৃহে আসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিস থেকে তুলে নিয়েছিল ৭৬১ কোটি রুপি। ৩৫ দিনে ভারত থেকে ছবিটি আয় করে ১,১২১.০৯ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছিল ১ হাজার ৭৬৩ কোটি রুপির।

ইএইচ/