সালমান খানের ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাস। এরপর দীর্ঘ সময় ধরে তেমন আলোচনায় ছিলেন না। প্রায় এক দশক পর গেল বছর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ গানে কণ্ঠ দিয়ে আবারও আলোচনায় উঠে আসেন তিনি। ক্যারিয়ারের এই সুসময়ের মাঝে কনসার্টের মঞ্চ থেকে বাগদানের খবর দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা।
শুধু তাই নয়, হবু বরকে মঞ্চে ডেকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি নিজের বাগদানের আংটি উঁচিয়ে ধরেন জেসমিন। এ সময় গায়িকা বলেন, ‘এই সেই মানুষ যে আমাকে আংটি পরিয়েছে। সবাই দেখে নিন। ইনি আমার জীবনসঙ্গী!’

বাগদানের ঘোষণার পরপরই জেসমিন দৌড়ে শেখরকে জড়িয়ে ধরেন। উপস্থিত দর্শকদের মুহুর্মুহু করতালির মাঝে এই জুটি জেসমিনের জনপ্রিয় গান ‘লাভান’-এর তালে রোমান্টিক নাচ পরিবেশন করেন। মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে শেখর গায়িকাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিলে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টটি ছিল মূলত জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী আয়োজন।
চলতি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই মুম্বাই, ২৫ জুলাই বেঙ্গালুরু এবং ২৯ আগস্ট চণ্ডীগড়ে পারফর্ম করবেন জেসমিন।

পাঞ্জাবে জন্ম হলেও গায়িকার বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার স্টকটনে। জেসমিনের সংগীতাঙ্গনে পথচলা শুরু ২০০৭ সালে ‘মুসকান’ গানের মাধ্যমে। পরবর্তীতে ‘গুলাবি’ এবং ‘হোয়াটস ইন এ নেম’-এর মতো অ্যালবামের জন্য তিনি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ান। বলিউডে তার বড় ব্রেক থ্রু আসে সালমান খানের ‘কিক’ সিনেমায় ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে। গানটি যখন ব্লকবাস্টার হিট হয়, ঠিক তখনই তিনি তার বাবাকে হারান।
ইএইচ/




