Dhaka Mail Logo

বিনোদন

কনসার্টে গালিগালাজের অভিযোগ, আইনি জটিলতায় হানি সিং

বিনোদন ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

কনসার্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনি বিপাকে পড়েছেন জনপ্রিয় র‍্যাপার ও গায়ক ইয়ো ইয়ো হানি সিং। অভিযোগের প্রেক্ষিত শুক্রবার (১৬ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মহারাষ্ট্র সাইবার সেল। নির্ধারিত দিনে হাজির না হলে তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি।

দিল্লিতে অনুষ্ঠিত হানি সিংয়ের একটি কনসার্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। অভিযোগ রয়েছে, ওই কনসার্টে গাড়ির ভেতর শারীরিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত একটি অশ্লীল মন্তব্য করেন গায়ক। পরবর্তীতে বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। যার জেরে সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র সাইবার সেল।

তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এর আগেও হানি সিংকে তিনবার সমন পাঠানো হয়েছিল। তবে প্রতিবারই তিনি বিদেশে থাকার কারণ দেখিয়ে হাজির হননি। এবার তাঁকে আগামী ১৬ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সশরীরে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, এবার নির্ধারিত দিন হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হতে পারে। 

এর আগে গালিগালাজ বিতর্কে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন হানি সিং। তিনি দাবি করেন, ভিডিওটির নির্দিষ্ট কিছু অংশ এমনভাবে এডিট করা হয়েছে, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করার কোনো ইচ্ছে তাঁর ছিল না বলেও জানান তিনি।

গায়ক আরও বলেন, ‘কনসার্টে সেদিন জেন জি জেনারেশনের পোলাপান বেশি ছিল। তাই ওদের মতো করে খোলামেলা ভাষায় কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু যেভাবে কথাগুলো বলেছি, সেটা আসলে ঠিক হয়নি। বুঝতে পেরেছি আমার কথায় অনেকের মনে আঘাত লেগেছে। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’

এর আগে আপত্তিকর গানের কথার জন্য আইনি জটিলতায় পড়েছিলেন হানি সিং। চলতি বছরের এপ্রিলে তাঁর বিতর্কিত ‘সইং ভলিউম ১’ গানের লিংক সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। 

ইএইচ/