বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাদের একমাত্র ছেলে ফারদিন এহেসান স্বাধীন কৌশলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে চিত্রনায়িকা মৌসুমীকে আমেরিকার বাসা থেকে বের করে দিয়েছেন।
তবে এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ওমর সানী। তিনি পরিষ্কার করে জানান, ফারদিন থাকেন দুবাইয়ে এবং মৌসুমী অবস্থান করছেন আমেরিকাতে। তাছাড়া যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই। ফলে সোশ্যাল মিডিয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ছেলের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের বিষয়টি স্পষ্ট করার পরও বিভিন্ন ফেসবুক পেজ থেকে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার মিথ্যা কনটেন্ট প্রচার করা হচ্ছে। এবার অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ফারদিন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে ওমরপুত্র লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’
ফারদিনের ওই পোস্টে দেখা যায়, ‘জেড টিভি বাংলা’ এবং ‘বিনোদন দুনিয়া’ নামের দুটি ফেসবুক পেজের স্ক্রিনশর্ট শেয়ার করেছেন তিনি। ওই চ্যানেল দুটিতে ওমর সানীর ছেলেকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট বানিয়ে প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশর্টের পাশাপাশি ‘জেড টিভি বাংলা’-এর একটি ভিডিও লিংকও শেয়ার করেন ফারদিন, যদিও লিংকে ক্লিক করে ভিডিওটি আর পাওয়া যায়নি।
এদিকে ছেলের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী।
ইএইচ/