Dhaka Mail Logo

বিনোদন

অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম, মাথায় আঘাত 

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অভিনেতার যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাড়িতে ফিরেন তিনি। 

এ বিষয়ে জানতে হামলাকারী ও আহত সমু চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে মাথায় ব্যান্ডেজ বাঁধা নিজের ছবি প্রকাশ করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, হায় সেলুকাস। 

গেল ১৫ আগস্ট সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সংলগ্ন এলাকায়ও হেনস্তার শিকার হয়েছিলেন সমু চৌধুরী। তার আগে গেল বছরের ১২ জুন ময়মনসিংহের গফরগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছিল সমু চৌধুরীকে। পরে স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয় তাকে। সেই ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

আরআর