বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম
দেশের বরেণ্য নাট্যকার, অভিনেতা ও বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকার পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেতার বোন আফিয়া খান।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে মামুনুর রশীদের বোন আফিয়া খান বসবাস করেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।
ঘটনার কয়েক দিন আগে ঢাকায় আসার সময় অভিনেতার বোন শফিকুর রহমান নামের এক ব্যক্তিকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালাবদ্ধ করে বাইরে যান। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। এমনকি ঘরের মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।
অভিযোগ অনুযায়ী, ঘরের ভেতরে তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং একটি কাঠের ওয়্যারড্রোব খোলা অবস্থায় ছিল। আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে কী কী চুরি হয়েছে তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।
পৈতৃক বাড়িতে চুরির খবরটি মামুনুর রশীদ তার ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।
ইএইচ/