Dhaka Mail Logo

বিনোদন

সালমানের ‘মাতৃভূমি’-এর মুক্তি আটকে যাওয়ার কারণ জানালেন ধ্রুব রাঠী

বিনোদন ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (পূর্ব নাম ‘ব্যাটল অফ গলওয়ান’) ঘিরে রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, চিনকে সরাসরি নেতিবাচকভাবে ফুটিয়ে না তুলতে সরকারের পক্ষ থেকে ছবির নির্মাতাদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল। এমনকি  ছবির একটি বড় অংশের শুটিং পুনরায় করতে বাধ্য করা হয়। ফলে আটকে যায় মুক্তি। 

শনিবার দিল্লির গুরুগ্রামে নিজ বাসভবন থেকে পুলিশের হাতে আটক হয়েছিলন ধ্রুব। পরবর্তীতে রোববার ভোরে তাঁকে মুক্তি দেয় দিল্লির পুলিশ। মুক্তির পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

ধ্রুব জানান, চিন সরকারের প্রতি একধরনের পরোক্ষ ভয় থেকে সিনেমার গল্প থেকে দৃশ্যগুলো বাদ দিতে বলা হয়েছে। তার ভাষ্য, “সালমানের একটি ছবি আসছিল যেটাতে চিনের বিরুদ্ধে কিছু দৃশ্য ছিল। সরকারের এতটুকুও হিম্মত হচ্ছিল না ছবিটাকে রিলিজ হতে দেয়। খানের ছবির পুনরায় শুটিং করানো হলো। বলা হলো, ‘না, না, এটাকে চিনের পক্ষে করো। আমরা ওদের এতটা বিরুদ্ধে যেতে পারি না’।”

২০২০ সালের গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ জন বীর সেনা শহিদ হয়েছিলেন। ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সালমানের ‘মাতৃভূমি’ চলচ্চিত্র। এর আগে ছবি নাম ‘ব্যাটল অফ গলওয়ান’ থেকে পরিবর্তন করে ‘মাতৃভূমি’ রাখা এবং পরবর্তীতে বারবার মুক্তির তারিখ পেছানো নিয়ে ভক্তদের মনে আগেই প্রশ্ন দানা বেঁধেছিল। রাঠীর বিস্ফোরক মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদল নেটিজেন রাঠীর বক্তব্যকে সমর্থন জানালেও, অন্য একটি পক্ষ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

পরিচালনা করেছেন পরিচালক অপূর্ব লাখিয়া। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড মেগাস্টার সালমান। তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে।

ইএইচ/