Dhaka Mail Logo

বিনোদন

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন নুসরাত?

বিনোদন ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে পড়া বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানান, তিনি সুস্থ হয়ে উঠছেন। 

বলিউড সূত্রে খবর, শুটিং ও ব্যক্তিগত ছুটির ফাঁকে বালিতে গিয়ে গত ১ অক্টোবর ভয়াবহ দুর্ঘটনার শিকার হন নুসরত। ঘটনার পরপরই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। পরিস্থিতি বেগতিক হওয়ায় গত ২ অক্টোবর অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বালি থেকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে এবং তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

অস্ত্রোপচারের এক সপ্তাহ পর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতির কথা জানান নুসরত। জানালার পাশে হেলান দিয়ে রাখা একটি খালি হুইলচেয়ারের ওপর সূর্যাস্তের ছায়ার ছবি শেয়ার করে অভিনেত্রী  লেখেন, চিরকালই তো সূর্যাস্তের পিছনে ছুটে চলেছি। আর ঠিক তখনই আমার পুরো আকাশটাই বদলে গেল। কিন্তু, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!

নুসরতের পোস্টে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন অনুরাগীরা।

সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন নুসরাত। পরিচালনা করছেন জনপ্রিয় করিওগ্রাফার রেমো ডি'সুজা। ভিজে ফ্রেমস-এর ব্যানারে নির্মিত সিনেমার প্রযোজক ভিকি জৈন। 

ইএইচ/