Dhaka Mail Logo

বিনোদন

এমপি হওয়ার পর ব্যাক টু ব্যাক ছবি ফ্লপ হওয়া শুরু করল: দেব

বিনোদন ডেস্ক

০৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম

বৃহস্পতিবার কলকাতার ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর আসন্ন ছবি ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চ হয়েছে। এদিন বৃষ্টি মাথায় নিয়ে দর্শকরা ভিড় জমিয়েছিল অনুষ্ঠানস্থলে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তারকা জুটির নতুন ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সিনেমাটি ছাড়াও নিজের ক্যারিয়ারের কঠিন সময় নিয়ে কথা বলছেন দেব। 

ইভেন্টের মঞ্চে শুভশ্রীকে উদ্দেশ করে দেব বলেন, ‘এমন নয় যে জীবনে অনেক কিছু খুব সহজে পেয়েছি। যখন আমার ‘চাঁদের পাহাড়’ ব্লকবাস্টার হলো, তখন ভাবলাম এবার বুঝি সব দারুণ হবে! কিন্তু এর পরেই দেখলাম আমি এমপি (সংসদ সদস্য) হয়ে গিয়েছি। মানুষ বলতে শুরু করল, আমার ছবি আর চলবে না, ফ্লপ হবে। ঠিক তাই হলো— ব্যাক টু ব্যাক আমার ছবি ফ্লপ হওয়া শুরু করল।’

deb

নিজের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কথা বলতে গিয়ে দেব যোগ করেন, ‘আমি তখন রিমেক ছবি করা বন্ধ করলাম, নিজের প্রোডাকশন হাউজ খুললাম। কিন্তু সেখানেও ছবি পরপর ফ্লপ হতে থাকল। তখন ভাবতাম, যেকোনোভাবে তো ঘুরে দাঁড়াতে হবে। আমি সবার আগে একজন অভিনেতা, সে অভিনয় আমি পারি বা না পারি; কিন্তু আমার প্যাশন ও ভালোবাসা সবই তো অভিনয়ের সঙ্গে জড়িত। আমি আবার নিজেকে রিভাইভ করলাম। ২০২৫-এ এসে আমাকে বলা হলো ছবি করতে দেওয়া হবে না। আর কারা বলেছিল এ কথা? যারা আমার বন্ধু-বান্ধব, যাদের সঙ্গে নিয়মিত উঠি-বসি!’

এদিনের অনুষ্ঠানে দেব ও শুভশ্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি এবং তাঁদের ‘ধূমকেতু’ থেকে শুরু করে বর্তমান কামব্যাক পর্যন্ত নানা প্রসঙ্গ উঠে আসে। শুভশ্রীর এক প্রশ্নের জবাবে দেব জানান, এই কঠিন সময়ে শুভশ্রীর পাশে থাকা এবং একসঙ্গে কাজ করাটা নিছক কোনো কাকতালীয় নয়, বরং এর পেছনে রয়েছে নিয়তি ও ভাগ্যের এক গভীর যোগসূত্র।

AdobeExpressPhotos_f96d84fb7a094ff79f57fb6ac6e1d871_CopyEdited

দেব বলেন, ‘আমি জানি না তুমি কোন ভাগ্য লিখে নিয়ে এসেছ, বা আমি কোন ভাগ্য লিখে নিয়ে এসেছি। ক্যারিয়ারের কঠিন সময় মনে হয়েছিল লড়াইয়ে যদি জিততে হয়, তোমাকে দরকার। এই মানুষগুলোর (দর্শকদের দেখিয়ে) স্বপ্ন যদি সত্যি করতে হয়। এদেরকে বোঝাতে হয় না আমি পরিশ্রম করি। আমি চেষ্টা করি। শুধু আমার জন্য নয়, চেষ্টা করি বাংলা ছবিও যাতে আমার সঙ্গে এগিয়ে যাক।’

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দেশু-৭’। পরিচালনা করেছেন দেব নিজেই। আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

দেব-শুভকে সবশেষ দেখা যায় ‘ধূমকেতু’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এ ছবিটি এক দশকের মতো আটকে ছিল বিভিন্ন জটিলতায়।